বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফটু মিয়া (৬০)। একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ইদ্রিস আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্র জানায় জানায়, একই গ্রামের রহিম উল্লা ও ফটু মিয়ার মধ্যে একটি পুকুর দখল নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা ১০টার দিকে রহিম উল্লার পক্ষের লোকজন ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই ফটু মিয়া মারা যান। আহতদের মধ্যে গুরুতর ফটু মিয়ার ছেলে অলি মিয়াকে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।