বাহুবলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল বুধবার দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একজন প্রার্থীর কাছ থেকে নেওয়া ‘ভোট বিক্রির’ টাকা ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য পদপ্রার্থীর কাছ থেকে কয়েক দিন আগে ফতেহপুরের বাসিন্দা কুরুশ মিয়া দুই হাজার টাকা নেন। বিনিময়ে তিনি নিজের ও তাঁর ভাই কুদ্দুছ মিয়ার পরিবারের সব সদস্যের ভোট ওই প্রার্থীর পক্ষে দেবেন বলে অঙ্গীকার করেন। কুদ্দুস মিয়া ওই টাকা থেকে এক হাজার টাকা দাবি করলে কুরুশ মিয়া তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন লাঠি ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাহাব উদ্দিন, বিলাল মিয়া, রফিক মিয়া ও পেয়ারা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) কাজী জিয়াদ্দিন বলেন, এ ব্যাপারে কোনো মামলা হয়নি।