বাহুবলে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার লালপুর গ্রামের একটি পুকুর থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম অনিতা রানী দাস (২৫)। তিনি লালপুর গ্রামের মরিশাসপ্রবাসী অঞ্জন চন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টায় লালপুর গ্রামের অঞ্জন চন্দ্র দাসের বাড়ির একটি পুকুরে চাল ধুতে যান তাঁদের প্রতিবেশী এক গৃহবধূ। এ সময় তিনি পুকুরে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর প্রতিবেশীরা লাশটি অঞ্জন চন্দ্র দাসের স্ত্রী অনিতা দাসের বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা হত্যা না আত্মহত্যার কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।