বাহুবলে যুবলীগের দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ১৪৪ ধারা জারি
একই স্থানে আওয়ামী যুবলীগের দুপক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে। সংগঠনের উপজেলা কমিটি নিয়ে এ বিরোধ দেখা দেয়। এ অবস্থায় বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
এলাকাবাসী ও উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলা যুবলীগের কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ২০১২ সনের ৯ জুলাই অলিউর রহমানকে সভাপতি ও তারা মিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি করা হয়। এ কমিটি মেনে না নিয়ে আবদুল হাইকে সভাপতি ও আবদুল মুছাব্বির শাহীনকে সাধারণ সম্পাদক করে পাল্টা একটি কমিটি করা হয়। দুই কমিটিই দলের নানা কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে। এ অবস্থায় চলতি বছরের ৯ জানুয়ারি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে অলিউর রহমানকে আহ্বায়ক, মোশাহিদ আলী ও ইউসুফ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটি বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার বেলা তিনটায় বাহুবল বাজারে আনন্দ মিছিল ও পথসভা করার উদ্যোগ নেয়। এদিকে তারা মিয়ার নেতৃত্বাধীন কমিটিও একই সময়ে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসন বেলা ১১টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।
অলিউর রহমান বলেন, তাঁদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। তারা মিয়া সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতেই পাল্টা কর্মসূচি দিয়েছেন।
এদিকে তাঁরা মিয়া দাবি করেন, সংগঠন সবার। তাঁদেরও অধিকার আছে সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি পালনের। আগে থেকেই তাঁদের এ কর্মসূচি ছিল বলে দাবি করেন যুবলীগের এ নেতা।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিবেশ শান্ত হলে এ ধারা যেকোনো সময় প্রত্যাহার করা হবে বলে তিনি জানান।