বাহুবলে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ জেলার বাহুবলে সেচ দেওয়াকে কেন্দ্র করে ১০-১২ গ্রামের লোকজনের মধ্যে তিন ঘণ্টা স্থায়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহত ব্যক্তিদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০টি রাবার বুলেট ও পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার পশ্চিমাঞ্চলে হাজার হাজার একর জমিতে বোরো চাষ হয় করাঙ্গীর পানি সেচের মাধ্যমে। করাঙ্গী নদীতে বর্তমানে পানির প্রবাহ কম থাকায় উপজেলার গোহারুয়া গ্রামের মুন্সিবাড়ির কবরস্থানের নিকটবর্তী স্থানে স্থানীয় অলুয়া, নোয়াগাঁও, মিরজুমলা, লালপুর, নিদনপুর, সেনারকান্দি প্রভৃতি গ্রামের লোক নদীতে বাঁধ দিয়ে পানি তুলতে শুরু করে। এতে নদীর ভাটি এলাকা গোহারুয়া, চন্দনিয়া, বালিচাপড়া, নন্দনপুর, নোয়াবাদ প্রভৃতি গ্রামের বাসিন্দারা পানি না পাওয়ায় তাদের বোরো জমিগুলো হুমকির মুখে পড়ে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোহারুয়া, চন্দনিয়া, বালিচাপড়া, নন্দনপুর, নোয়াবাদ প্রভৃতি গ্রামের দুই সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করাঙ্গীর ওই বাঁধটি কেটে দেয়। খবর পেয়ে অলুয়া, পনারআব্দা, নোয়াগাঁও, মিরজুমলা, লালপুর, নিদনপুর, সেনারকান্দি প্রভৃতি গ্রামের আরও দুই সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাঁধের কাছে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নদীর দুই পারে দুই পক্ষ অবস্থান নিয়ে ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করতে শুরু করে। খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা পর বেলা দেড়টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে আহত হয় কমপক্ষে অর্ধশত লোক। আহত ব্যক্তিদের মধ্যে অলুয়া গ্রামের আহমদ আলীকে (৩৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একই গ্রামের সফর উদ্দিনকে (৪৫) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্তত ৩০ জনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে কেউ ভর্তি হয়নি। অন্যরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিয়েছে।