বাহুবলে সেবিকার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল শনিবার কর্তব্যরত সেবিকার অবহেলার কারণে এক রোগী মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কবিরপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে সানিয়া বেগম (৩) ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল বেলা তিনটার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সানিয়াকে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত সেবিকা রেহানা বেগম সানিয়াকে সময়মতো চিকিৎসা না দেওয়ায় বিকেল সাড়ে তিনটার দিকে সে মারা যায়। এতে রেহানার ওপর রোগীর আত্মীয়স্বজন ক্ষিপ্ত হন। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা দেখা দিলে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।রেহানা বেগম অভিযোগ অস্বীকার করে জানান, রোগী হাসপাতালে আসার আগেই মুমূর্ষু ছিল। ওয়ার্ডে আনার পরপরই রোগীকে স্যালাইন খাওয়ানো হয়েছে। রোগীর অভিভাবকেরা বাইরে থেকে ওষুধপত্র নিয়ে আসতে আসতেই রোগী মারা যায়। কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল। হাসপাতালে আনার পর ২০-২৫ মিনিটের মধ্যেই রোগী মারা যায়।