বাহুবলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা
হবিগঞ্জের বাহুবলে ধর্ষণের পর শ্বাসরোধ করে এক জেএসসি পরীক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার মিরপুর বাজারের নিকটবর্তী রূপসংকর প্রকাশ বানিয়াগাঁও গ্রামে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের রূপসংকর প্রকাশ বানিয়াগাঁও গ্রামের ইমান আলী তাঁর স্ত্রী পলি বেগমকে নিয়ে চিকিৎসার জন্য রোববার সকালে ঢাকায় চলে যান। বাড়িতে ছিল তাঁদের মেয়ে সুমি আক্তার (১৫), ছেলে নাহিদ মিয়া (৭) ও সুমির ফুফু আমিনা খাতুন (৩০)। সুমি আক্তার স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও চলতি জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।রোববার সন্ধ্যার পর আমিনা খাতুন চুন আনার জন্য সুমিকে তার মামা ফারুক মিয়ার ঘরে পাঠান। রাত আটটায় ফিরে না আসায় আমিনা ফারুক মিয়ার ঘরে গিয়ে তাকে পাননি। এরপর তিনি বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাননি। রাত সাড়ে আটটার দিকে তাঁদের ঘর থেকে মাত্র ১০০ গজ দূরে পুকুরপাড়ে সুমিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে। রাত সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসকেরা সুমিকে মৃত ঘোষণা করেন।সুমির চাচা ইউসুফ মিয়া জানান, উদ্ধারের সময় সুমির পরনের সালোয়ার খোলা, তার মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন ছিল। দেখে মনে হয়েছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাতে ঢাকা থেকে ফিরে বাবা ইমান আলী ও মা পলি বেগম মেয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন।খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমাসহ র্যাব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুমির মামা ফারুক মিয়ার ছেলে সাদ্দাম (২২), জসিম (১৯) ও সুহেল (১৫) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজ আলীর ছেলে রাহেন মিয়াকে (২৪) আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত সুমির সুরতহালের সময় তার নাক, মুখ ও যৌনাঙ্গে রক্ত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে জোর তৎপরতা চলছে।