বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত স্কুলছাত্রের নাম শোয়েব চৌধুরী (১৪)। সে বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আবদুল মতিন চৌধুরীর ছেলে। সে বাহুবল উপজেলার ফয়জুননেছা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও গ্রাম থেকে একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে একই উপজেলার মিরপুর বাজারের দিকে যাচ্ছিল। বেলা তিনটার দিকে নতুনবাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন যাত্রী আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত শোয়েবকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। অটোরিকশার চালকসহ আহত অপর তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।