বাহুবলে ১৪ শিক্ষার্থী এক বছরেও এসএসসির সনদ পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভুলকোট আদর্শ বিদ্যানিকেতনের ১৪ জন শিক্ষার্থী এসএসসি পাস করার এক বছরেও মূল সনদ পায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে শিক্ষার্থীরা এখনো সনদ পায়নি বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয় থেকে ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থী মূল সনদ না পেয়ে ১০ ফেব্রুয়ারি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ সনদগুলো আটকে রেখে তাদের হয়রানি করছে।জানা গেছে, বাহুবল উপজেলার ভুলকোট আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদকে মাস ছয়েক আগে বরখাস্ত করে বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলামকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে ওই দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত সনদগুলো শিক্ষা বোর্ড থেকে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদ গ্রহণ করেছেন। আমি দায়িত্ব বুঝে নেওয়ার সময় ওই ১৪ জন শিক্ষার্থীর সনদগুলো পাইনি।’আবদুল ওয়াহেদ বলেন, ‘আমি বোর্ড থেকে গত বছরের ৩০ জুন সনদগুলো গ্রহণের পর ১ জুলাই অফিস সহকারী সামছুল হকের মাধ্যমে সেগুলো আমার টেবিলের ড্রয়ারে রাখি। ৬ জুলাই সনদগুলো বিতরণের তারিখ থাকলেও ৫ জুলাই থেকেই আমাকে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে আমি থানায় জিডি করেছি।’ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান বলে, ‘সম্প্রতি ডাক বিভাগে একটি চাকরির জন্য আমি আবেদন করি। কিন্তু মূল সনদ দেখাতে না পারায় আমার চাকরি হয়নি।’অভিভাবক আবদুল খালেক বলেন, ‘যাদের খামখেয়ালিপনার কারণে আমাদের সন্তানেরা সনদ পাচ্ছে না, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ইউএনও আবদুল ওয়াদুদ চৌধুরী গত শনিবার বলেন, ‘আমি স্মারকলিপি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সনদগুলোর দ্বিতীয় কপি সরবরাহ করা সম্ভব।’