বাহুবলের তিনটি চা-বাগান শ্রমিক ধর্মঘটে অচল
হবিগঞ্জের বাহুবল উপজেলার তিনটি চা-বাগান শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে। একজন শ্রমিকের ন্যায্য পাওনা দিতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে শ্রমিকেরা স্থানীয় রশিদপুর চা-বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাভেদ আশরাফের অপসারণ দাবিতে গত বৃহস্পতিবার এই ধর্মঘট শুরু করেন। তবে ডিজিএম ওই অভিযোগ অস্বীকার করেছেন। চা-বাগান তিনটি জেমস ফিনলে কোম্পানির মালিকানাধীন।এদিকে গতকাল দুপুরে রশিদপুর চা-বাগানের নাট্যশালায় ফিনলে কোম্পানির মালিকানাধীন আটটি চা-বাগানের শ্রমিকেরা সমাবেশ করেছেন। সমাবেশে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাভেদ আশরাফকে অপসারণ না করায় শ্রমিকেরা আজ সোমবার থেকে আরও তিনটি চা-বাগানে ধর্মঘটের ডাক দিয়েছেন।বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে রশিদপুর চা-বাগানের সৃষ্ট সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক হবে। বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব পক্ষের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুর্গাপূজার সময় চা-শ্রমিক রংলাল ভাস্করের স্ত্রী লিপি ভাস্কর বাগানের ডিজিএম জাভেদ আশরাফের কাছে তাঁর পাওনা ৬০০ টাকা চাইতে যান। তখন তিনি তাঁকে মাত্র ৬২ টাকা দিতে চাইলে রংলালের সঙ্গে তাঁর বিতণ্ডা হয়। এ ঘটনায় উল্টো জাভেদ অভিযোগ জানালে গত ২০ অক্টোবর র্যাব-৯-এর সদস্যরা রংলালকে ধরে নিয়ে যান। ওই রাতেই রশিদপুর চা-বাগানের পঞ্চায়েতপ্রধান র্যাবের কাছ থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন। ছাড়া পেয়ে বাগানে এসে রংলাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রমিকেরা তাঁকে বাহুবল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রশিদপুর চা-বাগানের শ্রমিকেরা আন্দোলন শুরু করলে ২৫ অক্টোবর জাভেদ ছুটিতে চলে যান। ৪ নভেম্বর ছুটি শেষে জাভেদ কর্মস্থলে ফিরে আসেন এবং ওই দিন থেকে স্থানীয় রশিদপুর, দক্ষিণ রামপুর ও ছিতলাছড়া চা-বাগানের শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। এতে ওই তিনটি বাগান কার্যত অচল হয়ে পড়ে। ফলে বাগানগুলোতে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার চা-পাতা উৎপাদন ব্যাহত হচ্ছে। ধর্মঘট শুরুর পর থেকে শ্রমিকেরা বাগানে বিক্ষোভ প্রদর্শন ও সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন। অন্যদিকে, কর্তৃপক্ষও জাভেদ আশরাফকে ওই পদে বহাল রাখার ব্যাপারে অনড় অবস্থানে থাকায় ক্রমেই পরিস্থিতি জটিল হচ্ছে।শ্রমিকনেতা বিমল কর্মকার বলেন, ‘ডিজিএমকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ডিজিএম জাভেদ আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুর্গাপূজার সময় চা-শ্রমিক লিপি ভাস্করকে নিয়মমাফিক উৎসব বোনাস দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। কিছু শ্রমিক কাজ না করেই বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে চায়। আর এ অন্যায় আবদারের সুযোগ না দেওয়ায় তারা এসব করছে।’