বািড়তে ঢুকে কৃষককে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফে গত রোববার রাতে বাড়িতে ঢুকে জালাল উদ্দিন (২৭) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ তঁার বাড়ি উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা ফজল মার্কেট এলাকায়৷
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে জালাল উদ্দিনের বাড়িতে বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান৷ এ সময় জালালকে তাঁর শয়নকক্ষে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ পরে স্থানীয় লোকজন বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গিয়াস উদ্দিনকে জানান৷ পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
পারিবারিক সূত্র জানায়, টেকনাফের বাজার থেকে দুটি মহিষ কিনে রোববার সন্ধ্যার দিকে বািড় ফেরেন জালাল৷ এরপর তাঁর স্ত্রী পারভিন আকতার পাশের জাহাজপুরা গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে চলে যান।
ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, জালালের বুকে একটি গুলির চিহ্ন দেখা গেছে।
নিহতের বাবা আজিম উদ্দিন জানান, ছয় মাস আগে কিছু ব্যক্তি জালালকে অপহরণ করে বড় ডেইল এলাকার পাহাড়ের পানের বরজে নিয়ে যায়। এক দিন পরে পুলিশের সহযোগিতায় তাঁকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়৷ ধারণা করা হচ্ছে, ওই অপহরণকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে৷
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।