বাড়ছে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের হার
নারীদের গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। এ কারণে মা ও শিশুর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ছে। এটি ঠেকাতে গর্ভধারণ-পূর্ব ও গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সেবা নেওয়ার ওপর জোর দিতে হবে।
রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের মিলনায়তনে আজ মঙ্গলবার এক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেছেন। ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ আলোচনা সভার আয়োজন করেছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম হাতিয়ার’। দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল সাড়ে আটটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি পদযাত্রা বের হয়। একই সময়ে মিরপুর বাঙলা কলেজের সামনে থেকেও একটি পৃথক শোভাযাত্রা বের হয়। এ ছাড়া ডায়াবেটিস সচেতনতা দিবসে বিশেষ প্রকাশনা ‘কান্তি’ প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার বলেন, দেশে বর্তমানে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর হার বাড়ছে। তবে এর সংখ্যা কত, তা নিয়ে কোনো পরিসংখ্যান নেই। অনুমান করা হয়, দেশে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৪ শতাংশ। তিনি আরও বলেন, যেসব নারীর গর্ভকালীন ডায়াবেটিস দেখা যায়, তাঁদের পরবর্তী ১০ বছরের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ। তাঁদের শিশুদেরও একই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বারডেমের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ফারুক পাঠান বলেন, বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে অর্ধেকই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস হওয়াটা সমস্যা নয়। স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ নিয়ন্ত্রিত জীবনযাপনে ভালো থাকা যায়। পরিকল্পিত গর্ভধারণে মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে। শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে গর্ভবতী মাকে গর্ভ-পূর্ব ও গর্ভকালীন সেবা দিতে হবে।
অনুষ্ঠান থেকে ১০ জন ‘আদর্শ ডায়াবেটিক রোগী’কে অভিনন্দনপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। এই ১০ জনের একজন প্রীতিকণা হালদার। তাঁর ৪১ বছর আগে টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়ে। অনুষ্ঠানে তিনি বলেন, নিয়মিত খাবার, ব্যায়াম ও নিয়ন্ত্রিত জীবনযাপনে তিনি ৪১ বছর ধরেই তিনি সুস্থ আছেন।
আলোচনায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।