বাড়ছে জমির দাম, কমছে পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরশূন্য হয়ে পড়ছে নড়াইল জেলা। নিয়মনীতির তোয়াক্কা না করে খানা, ডোবা ও পুকুর ভরাট করা হচ্ছে। গত তিন বছরে সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলার কমপক্ষে ৪৫টি পুকুর ভরাট হয়েছে। নির্বিচারে পুকুর ভরাটের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শহর ও শহরতলির জমির দাম বেড়ে যাওয়ায় মালিকেরা পুকুর ভরাট করে চলেছেন বলে জানা গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার সমন্বয়ক ফিরোজ আহমেদ বলেন, ‘জলাধার সংরক্ষণ আইনে অনুমতি ছাড়া পুরোনো কোনো পুকুর ভরাট করা যাবে না।’ জেলা মৎস্য বিভাগ কার্যালয় সূত্র জানায়, জেলায় আট হাজার ৫৪২টি পুকুর আছে। তবে কতগুলো পুকুর ভরাট হয়েছে এর কোনো পরিসংখ্যান জেলা মৎস্য বিভাগ, এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয় শাখায়ও নেই। সরেজমিনে দেখা গেছে, বছর কয়েক আগেও জেলা শহরের আনাচে-কানাচে বিভিন্ন স্থানে ছিল ছোট-বড় অসংখ্য পুকুর। পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও এসব পুকুরের পানি ব্যবহার হতো নানা প্রয়োজনে। কিন্তু সে অবস্থা এখন আর নেই। সেসব পুকুরের ওপর এখন বহুতল ভবন নির্মিত হয়েছে। বোঝার উপায় নেই ওই সব জায়গায় আগে পুকুর ছিল।শহর ও শহরতলির ভরাট করা পুকুরের মধ্যে রয়েছে—মহিষখোলা গ্রামের কোমল ঘোষের পুকুর, আদিবাসী পাড়ার পেছনের হাজি সাহেবের পুকুর, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মাহাবুবুর রশিদের বাড়ির পুকুর, কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পুকুর, শহর বাজার জামে মসজিদ পুকুর, শরীফ মুনির হোসেনের পুকুর, সরকারি বালক বিদ্যালয়ের দুটি পুকুর, কেন্দ্রীয় ঈদগাহের পেছনের মোজাম খাঁর পুকুর, থানা রোডের আবদুল জলিল মিয়ার পুকুর, পেট্রলপাম্পের পাশের পুকুর, আনসার অফিসের পেছনের পুকুর, দক্ষিণ নড়াইলের জেলা ক্রীড়া কর্মকর্তা খান মকছুদুর রহমানের বাড়ির পুকুর, ভওয়াখালী গ্রামের সাতটি ও ঐতিহ্যবাহী সাবেক জমিদার বাড়ির ঝিলসহ প্রায় ৫০টি। সম্প্রতি সরকারি বালক বিদ্যালয়ের পুকুর ভরাট করে জেলা স্কাউটস ভবন নির্মাণ করতে দেখা গেছে। নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের পুকুর মালিক সলেমান শেখ বলেন, ‘শহরে জমির দাম অনেক বেশি। একটি পুকুরে মাছের চাষ করে বছরে যে টাকা পাওয়া যাচ্ছে, তার চেয়ে পুকুর ভরাট করে যদি ঘর ভাড়া দেওয়া হয়, তাতে বছরে দ্বিগুণ টাকা আয় হয়। এ কারণেই বেশির ভাগ পুকুরের মালিক এই পদ্ধতি বেছে নিয়েছেন।’ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হালিম বলেন, যে হারে শহরের পুকুরগুলো ভরাট হচ্ছে, ভবিষ্যতে শহর ও শহরতলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ফোঁটা পানিও পাওয়া যাবে না। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ব্যক্তিমালিকানার পুকুরগুলো যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারি উদ্যোগেই পুকুর খনন করতে হবে।’ তিনি বলেন, ‘বেশি মুনাফা লাভের আশায় এগুলো করা হচ্ছে।’