বাড়ছে জলবায়ু-উদ্বাস্তু কমছে উপকূলের জনসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন-জীবিকা হুমকির মুখে পড়ায় দক্ষিণ উপকূলের অনেক মানুষ উদ্বাস্তু হয়ে পড়ছে। অনেকে এলাকা ছাড়ছে, আশ্রয় নিচ্ছে বিভাগীয় শহরগুলোতে। এতে বরিশাল বিভাগে জনসংখ্যা না বেড়ে বরং কমছে।জানা যায়, ১৯৯১ ও ২০০১ সালে দুটি আদমশুমারির মধ্যবর্তী ১০ বছরে অ-উপকূলীয় এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এক দশমিক ৫৬ শতাংশ। আর উপকূলীয় এলাকায় হার ছিল এক দশমিক ২৯ শতাংশ। ২০১১ সালের পঞ্চম আদমশুমারির ফলাফলে এই হার শূন্য শতাংশে পৌঁছায়। সর্বশেষ এই আদমশুমারি অনুযায়ী, বরিশালের ছয় জেলায় (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি) জনসংখ্যা ৮১ লাখ ৪৭ হাজার। ২০০১ সালে তা ছিল ৮১ লাখ ৭৪ হাজার। অর্থাৎ মানুষ না বেড়ে উল্টো ২৭ হাজার কমেছে।পঞ্চম আদমশুমারির তথ্যানুযায়ী, দেশে গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৪ শতাংশ হলেও বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য শতাংশ। এর পেছনে জলবায়ু-অভিবাসন (মাইগ্রেশন) প্রক্রিয়ার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) এক গবেষণায় দেখা গেছে, অন্য যেকোনো বিভাগের তুলনায় বরিশাল বিভাগের মানুষের মধ্যে এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রবণতা বেশি। এখানকার মানুষ ঢাকা ও চট্টগ্রামে বেশি যাচ্ছে। নিপোর্টের ২০০৬ সালের নগর স্বাস্থ্য জরিপে দেখা যায়, ঢাকা মহানগর এলাকার বড় বড় বস্তির বাসিন্দাদের ২৩ শতাংশ এসেছে বরিশালের গ্রাম থেকে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, পানিতে লবণাক্ততার সহনীয় মাত্রা হচ্ছে শূন্য দশমিক ৭৫ ডিএস/এম। কিন্তু শুষ্ক মৌসুমে দক্ষিণাঞ্চলের নদীগুলোর ৩৫ শতাংশে তা ২ মাত্রার কম, ৬ শতাংশ নদীর পানিতে ২-৫ মাত্রার মধ্যে এবং ৫৯ শতাংশ নদীর পানিতে ৫ মাত্রার বেশি লবণ থাকে। ফলে দক্ষিণাঞ্চলের কৃষি ও জীবনাচরণে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের পেশা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ফলে মানুষ ভালো অবলম্বনের জন্য স্থানান্তরিত হতে পারে। এটা ব্যাপকভাবে অনুসন্ধান করা প্রয়োজন।