বাড়ছে না পানের দাম, হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটবাজারে পানের ন্যায্য দাম না পেয়ে হতাশ কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৫ হাজার পানচাষি। গেল বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে টানা অবরোধ ও হরতালের কারণে ভরা মৌসুমেও চাষিরা পানের ন্যায্য দাম পাননি।
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পরও পানের দাম সেভাবে না বাড়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোটমহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের এক হাজার ৫০০ হেক্টর পাহাড়ি ও সমতল কৃষি জমিতে পান চাষ হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাস পানের হাট জমজমাট থাকে। এবার মৌসুমের শুরুতে দাম বেশি থাকলেও নভেম্বর ও ডিসেম্বর মাসে টানা কয়েক দফা অবরোধ ও হরতালের কারণে দাম কমে যায়। অবরোধের সময় এক বিড়া পান বিক্রি হয়েছিল মাত্র ১০০-১৫০ টাকায়। অথচ গত বছর এই সময় এক বিড়া পান বিক্রি হয়েছিল ২০০-২৫০ টাকায়। সংসদ নির্বাচনের পরে পানের হাট জমে উঠলেও
বাড়েনি পানের দাম। এক বিড়া পান এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ১২০ টাকায়।
গত ২২ জানুয়ারি দুপুরে বড়মহেশখালী বাজার গিয়ে দেখা যায়, শতাধিক চাষি পান নিয়ে বাজারে এসেছেন বিক্রির জন্য। কক্সবাজার, চট্টগ্রাম, সীতাকুণ্ড, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা পান ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পান কিনছিলেন। কথা হয় পানচাষি দেবেন্দ্র লাল দে ও মাখন দের সঙ্গে। তাঁরা জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে পানের হাটে ক্রেতা না থাকায় চাষিরা পানির দরে পান বিক্রি করেছিলেন। কিন্তু অবরোধ ও হরতালের পরে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও পানের দাম বাড়েনি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হয়। চাষির সংখ্যা প্রায় ১৫ হাজার। এক হেক্টর জমিতে পান চাষ করতে খরচ হয় ছয় লাখ ৫৫ হাজার টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদন হয়। তবে পানের দাম কম থাকায় এবার চাষের খরচ উঠবে কি না সে বিষয়ে সন্দেহ আছে তাদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, অবরোধ ও হরতালের কারণে চাষিরা পানের বাড়তি দাম পাননি। পানের হাট জমলেও চাষিরা পানের ন্যায্য দাম পাচ্ছেন না। এ কারণে এবার চাষিদের লোকসান গুনতে হবে বলে তিনি মন্তব্য করেন।