বাড়ছে পানি ভাঙছে জনপদ বাস্তুহারা মানুষের আহাজারি
বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদরের দুই কিলোমিটার অংশ ভেঙে গেছে। যমুনার ভাঙনে গাইবান্ধায় দুই শতাধিক ঘরবাড়ি ও ৫০ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। কুড়িগ্রামের চিলমারী অষ্টমীর চর ইউনিয়নে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের দুটি ব্যারাক ভেঙে ২০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুরে ২০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছে। গত দুই সপ্তাহে মৌলভীবাজারে মনু রেলওয়ে স্টেশনের কাছে প্রায় ৩০০ মিটার বাঁধ ধসে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের দুই কিলোমিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। তলিয়ে গেছে ১৭ হেক্টর জমির ফসল। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গোয়ালন্দ পয়েন্টের টিসিও ওলিউর রহমান জানান, গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত পদ্মার পানি ৪৫ সেন্টিমিটার (প্রায় দেড় ফুট) বেড়েছে। গত ১০ দিনে পানি বেড়েছে এক মিটার ৩৩ সেন্টিমিটার।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আখতারুজ্জামান জানান, গদাধরডাঙ্গি থেকে সাইনবোর্ড পর্যন্ত নদীর তীরের দুই কিলোমিটার অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত ১৫ দিনে প্রায় চার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব জমিতে বাদামের চাষ করা হয়েছিল।গাইবান্ধা: গত এক সপ্তাহে যমুনার ভাঙনে সাঘাটা সদর উপজেলা, ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালাসহ প্রায় ৫০ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। প্রতিদিন তিন-চার ফুট করে এলাকা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।সাঘাটা সদর ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া গ্রামের কৃষক কাশেম মিয়া বলেন, ‘হামারগেরে জমি, বসতবাড়ি নদী কারি নিচে। নদীত ভাঙি দুই বিগে জমি টিকচিল, তাতে কোস্টার (পাট) আবাদ করচিনু। তাও ভাঙি যাচ্চে।’ সাঘাটা সদর ইউপির চেয়ারম্যান আবদুর রউফ মিয়া জানান, গত এক সপ্তাহে তিনটি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। সাঘাটা বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির সম্মুখীন।কুড়িগ্রাম: কুড়িগ্রামের ওপর দিয়ে ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চিলমারী অষ্টমীর চর ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নটারকান্দি বন্যা আশ্রয়ণ কেন্দ্রের দুটি ব্যারাক ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে ইউপি ভবনটি ভেঙে যেতে পারে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পুরো আশ্রয়ণ কেন্দ্রটিই ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়েছে। দুটি ব্যারাক ভেঙে যাওয়ায় সেখানে আশ্রয় নেওয়া ২০টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে। আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা আ. আজিজ (৩২) ঢাকায় দিনমজুরের কাজ করেন। খোলা আকাশের নিচে বউ-ছেলেমেয়েকে ফেলে রেখে তিনি কাজে যেতে না পারায় গত দুই দিন ধরে পরিবার-পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।উলিপুর (কুড়িগ্রাম): গত চার দিনে ব্রহ্মপুত্রের ভাঙনে ২০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হাতিয়া বন্যা আশ্রয়কেন্দ্র, বাগুয়া অনন্তপুর উচ্চবিদ্যালয়সংলগ্ন খোলা জায়গায় ও রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন জানান, ভাঙন ঠেকাতে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা জানান, ব্রহ্মপুত্র নদের গভীরতা এত বেশি যে ভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ছাড়া স্বল্পমেয়াদি বাঁশের পাইলিং বা বোল্লা স্পার নির্মাণ করে ভাঙন ঠেকানো সম্ভব নয়। এখানে ভাঙন ঠেকাতে হলে আড়াই কিলোমিটার জুড়ে প্রতিরোধমূলক সিসি ব্লকের বাঁধ নির্মাণ করতে হবে। এ জন্য ব্যয় হবে প্রায় ১০০ কোটি টাকা।মৌলভীবাজার: গত দুই সপ্তাহে মনু নদের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশনের কাছে প্রায় ৩০০ মিটার বাঁধ ধসে গেছে। ধসে যাওয়া স্থানের বাঁধ ভেঙে জেলার তিনটি উপজেলার তিনটি ইউনিয়নের ফসল ও ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কায় আছে এলাকাবাসী।মনু গ্রামের রকিব আহমদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘এই বছর পয়লা বৃষ্টির সময় থেকেই বাঁধে ধস শুরু হয়েছে। আমরা পাউবোকে জানিয়েছি। বাঁধ নদীর দিকে ধসে পাকা সড়ক পর্যন্ত চলে এসেছে। নদীতে পানি বাড়লে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে পুরো এলাকায় বন্যা দেখা দেবে।’ মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী আমিনুল হক বলেন, ‘বাঁধের প্রায় ৩০০ মিটার নদীর দিকে পুরোটাই দেবে গেছে। আমরা স্থায়ীভাবে স্থানটি মেরামতের চিন্তা করছি। এতে ১০-১২ লাখ টাকা লাগবে।’