
যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো বলছে, বিশ্বের তুলনায় বাংলাদেশে বয়স্ক জনসংখ্যার হার কম। বিশ্বের জনসংখ্যার ৮ দশমিক ৫ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। বাংলাদেশে ওই বয়সী মানুষ ৫ দশমিক ১ শতাংশ। ব্যুরো বলছে, বয়স্ক জনসংখ্যার সঙ্গে সঙ্গে হৃদ্রোগ, ডায়াবেটিস বা ক্যানসারের মতো অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো তাদের আন্তর্জাতিক জনসংখ্যা প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। ‘অ্যান এজিং ওয়ার্ল্ড: ২০১৫’ শিরোনামের প্রতিবেদনটি এ সপ্তাহে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বে ৬৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা (বয়স্ক) ছিল ৬১৭ মিলিয়ন আর বাংলাদেশে ছিল ৮ দশমিক ৬ মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির ধারা বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বে বয়স্ক জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬ দশমিক ৭ শতাংশে, আর বাংলাদেশে ১৪ দশমিক ৬ শতাংশ। বর্তমানে বাংলাদেশে প্রতি ২০ জন মানুষের ১ জন বয়স্ক, ২০৫০ সালে হবে প্রতি ৭ জনে ১ জন।
প্রতিবেদন বলছে, মানুষ আগের চেয়ে বেশি দিন বেঁচে থাকছে। এখন বৈশ্বিক গড় আয়ু ৬৮ দশমিক ৬ বছর (বাংলাদেশে ৭০ বছর)। গড় আয়ু বৃদ্ধি অব্যাহত আছে। ২০৫০ সালে বৈশ্বিক গড় আয়ু বেড়ে দাঁড়াবে ৭২ দশমিক ২ বছরে। তবে পুরুষের তুলনায় এখন যেমন নারীদের গড় আয়ু বেশি, ২০৫০ সাল নাগাদ এই পার্থক্য আরও বাড়বে।
আগামী ৩৫ বছরে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ ১৫০ শতাংশ বাড়বে। অথচ ২০ বছরের কম বয়সী জনসংখ্যা প্রায় একই থাকবে। এই সময়ে কর্মক্ষম মানুষ (২০ থেকে ৬৪ বছর বয়সী) বাড়বে ২৫ দশমিক ৬ শতাংশ। এখন ইউরোপে বয়স্ক মানুষ তুলনায় বেশি। তবে এশিয়ায় বয়স্ক মানুষ বৃদ্ধির হার বেশি। অন্যদিকে, আফ্রিকায় এখনো তরুণ জনসংখ্যা বেশি এবং আরও অনেক দিন একই অবস্থায় থাকবে।
প্রতিবেদন বলছে, বয়স্ক মানুষের বিশেষ স্বাস্থ্য-চাহিদা থাকে। যেসব দেশে সামাজিক নিরাপত্তা অথবা যেসব দেশে সর্বজনীন সেবার ব্যবস্থা আছে, সেসব দেশে বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যসেবা পান। দীর্ঘ মেয়াদে সেবার প্রয়োজন হয় বলে যেসব সমাজ বা দেশে বয়স্ক মানুষ বেশি, সেখানে স্বাস্থ্য ব্যয়ে বড় প্রভাব ফেলে বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাসেবা।
প্রতিবেদন বলছে, বয়স্ক মানুষ আগের তুলনায় জনশক্তিতে বেশি সম্পৃক্ত হচ্ছে। তাই অনেক দেশে অবসরে যাওয়ার বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা ইতালির মতো দেশে ৯০ শতাংশ বয়স্ক অবসর ভাতা পান। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীনের এক-তৃতীয়াংশ ও ভারতের এক-দশমাংশ বয়স্ক ব্যক্তি অবসর ভাতা পান।
বয়স্ক জনসংখ্যা নিয়ে এটি যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর পঞ্চম প্রতিবেদন। এর আগে ১৯৮৭, ১৯৯৩, ২০০১ ও ২০০৮ সালে তারা এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল।
প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান সময়ে ৭০ বা ৮০ বছর বেঁচে থাকা পৃথিবীর অনেক অঞ্চলে বিরল কোনো ঘটনা নয়। দীর্ঘ জীবন নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যেমন বয়স্ক মানুষ কত দীর্ঘ সময় ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারবেন? কোন কোন দীর্ঘমেয়াদি রোগ (ক্রনিক ডিজিজ) তাঁদের মোকাবিলা করতে হবে? তাঁরা কত দিন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবেন? তাঁদের কতজন এখনো কাজ করে চলেছেন? জীবনের শেষ দিন পর্যন্ত চলার মতো পর্যাপ্ত আর্থিক সম্পদ কি তাঁদের থাকবে? তাঁরা কি চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন? বয়স্ক মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ রকম আরও অনেক প্রশ্নের মুখোমুখি হবে পৃথিবী।
৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ এখন বাংলাদেশে ৫.১%, বিশ্বে ৮.৫%