সিলেটের সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে কয়লা, গরু, সুপারি, পেঁয়াজ থেকে শুরু করে নানা ধরনের মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসছে। অন্যদিকে, সিলেট থেকে সাম্প্রতিক সময়ে ভারতে রসুন পাচারের ঘটনা বাড়ছে। তবে এসব পাচার রোধ ও অপরাধ-প্রবণতা কমিয়ে আনতে বিভিন্ন অভিযানের পাশাপাশি সচেতনতামূলক সভার নিয়মিত আয়োজন করছেন বিজিবির সদস্যরা।গতকাল রোববার বেলা ১১টায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সিলেট সেক্টরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিজিবির কর্মকর্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিজিবি সিলেট সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান।মতবিনিময় সভায় সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয় ছাড়াও মানব পাচার, নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিজিবির কর্মকর্তা লে. কর্নেল শফিউল আজম, কর্নেল মাসুদ, কর্নেল খালেদ, লে. কর্নেল রহিম, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সালাম মশরুর, আবদুল মালিক জাকা, সমরেন্দ্র বিশ্বাস প্রমুখ।সভাপতির বক্তৃতায় মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, ‘সিলেটের ৬০৭ কিলোমিটার সীমান্ত এলাকা চারটি ব্যাটালিয়ন দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ অঞ্চলের মাদক, চোরাচালান, ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নীতিনিষ্ঠার সঙ্গে সঠিক সীমান্ত ব্যবস্থাপনার জন্য বিজিবির সদস্যরা কাজ করছেন।’তিনি আরও বলেন, ‘ভারতীয় খাসিয়াদের দ্বারা সীমান্তে অপদখলীয় জমি দখল কিংবা মানুষ ধরে নিয়ে যাওয়ার মতো কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটছে না, সেটা বলব না। তবে এসব ব্যাপারে বিজিবির সদস্যরা অত্যন্ত সতর্ক রয়েছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচারের প্রবণতা বেড়ে যাওয়ার দিকেও আমাদের কড়া নজরদারি রয়েছে।’সেক্টর কমান্ডার মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে বিএসএফ বাংলাদেশিদের ধরে নিয়ে গেছে—এ জাতীয় তথ্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এতে করে জনমনে ভুল ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে। এ অবস্থায় সংবাদকর্মীদের প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ করছি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতীয় অস্ত্র পাচারের ঘটনা কম ঘটছে। যেগুলো পাচার হচ্ছে সেগুলো নর্থ বেঙ্গল থেকে আসছে এবং ধরাও পড়ছে। সম্প্রতি ৫ বর্ডার গার্ড বিছনাকান্দি এলাকা থেকে একটি ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে।’