বাড়ছে যক্ষ্মা ও বক্ষব্যাধির রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক খেত ও চুল্লির কারণে খাগড়াছড়ির দীঘিনালায় যক্ষ্মাসহ বক্ষব্যাধির রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত তিন বছরে মারাত্মক শ্বাসকষ্ট ও যক্ষ্মায় আক্রান্ত হয়েছে সাত শরও বেশি মানুষ। তামাক চুল্লির শ্রমিক এবং চুল্লির আশপাশের এলাকায় বসবাসকারী লোকজন এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মিলনস্মৃতি চাকমা বলেন, উপজেলায় ২০১৫ সালে মারাত্মক শ্বাসকষ্টের রোগী ছিল ৮৫ জন। ২০১৬ সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩৪ জনে। আর এ বছর মার্চ পর্যন্ত এমন রোগে আক্রান্ত হয়েছেন ২৯ জন। শ্বাসকষ্টের পাশাপাশি আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা রোগীর সংখ্যাও। গত বছর ২৬১ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে, যা এর আগের বছরের তুলনায় ১৪১ জন বেশি। আর এ বছরের জুন মাস পর্যন্ত ১০৭ ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন বক্ষব্যাধি ও যক্ষ্মা বাড়ার অন্যতম কারণ তামাকের দূষণ।

সরকারের নানা প্রচারণা সত্ত্বেও দীঘিনালা উপজেলায় বাড়ছে তামাক চাষ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে তামাকের চাষ হয়। যা গত বছরের তুলনায় ১০ হেক্টর বেশি।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে খাগড়াছড়িতে যক্ষ্মা শনাক্তের হার বেশি। এখানে প্রতি এক লাখে শনাক্তের সংখ্যা ৯১ দশমিক ৪৬ শতাংশ।

যক্ষ্মা নির্মূলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীরা জানান, এই রোগে আক্রান্ত সিংহভাগ লোকই তামাকজনিত দূষণের শিকার। ব্র্যাকের সেবিকা ফিরোজা বেগম বলেন, গত ১০ বছরে কেবল মুসলিমপাড়া গ্রামেই ১০০ যক্ষ্মা রোগীর চিকিৎসা দিয়েছে সংস্থাটি। এর মধ্যে ৭০ জন রোগীই তামাকের চাষ বা তামাকের কাজের সঙ্গে জড়িত।

উপজেলার মুসলিমপাড়া গ্রামের মো. হাসান আলীর (৫০) বাড়িতে তামাক চুল্লি রয়েছে। গত চার বছরে দুবার যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন তিনি। সম্প্রতি ওই এলাকায় গেলে মো. হাসান আলী বলেন, চার বছর আগে একবার তাঁর যক্ষ্মা হয়েছিল। গত কিছুদিন আগে আবারও ধরা পড়ে। চুল্লির ধোঁয়ায় সমস্যা হলেও করার কিছু নেই। এ থেকেই সংসার চলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বক্ষব্যাধি বাড়ার পেছনে তামাক দূষণকেই দায়ী করেছেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রেজাউর রহমান খান বলেন, তামাকের দূষণের কারণে বক্ষব্যাধি বাড়ছে। এ ছাড়া তামাকের নিকোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ধীরে ধীরে শরীরে যক্ষ্মার জীবাণু মাথা চাড়া দিয়ে ওঠে।

রাজধানী ঢাকার বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ মুস্তাফা প্রথম আলোকে বলেন, তামাক চাষের সঙ্গে জড়িত লোকজনের বক্ষব্যাধি ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যক্ষ্মায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রমাণিত নয়। তবে তামাক প্রক্রিয়াজাতের সঙ্গে যারা জড়িত তাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।