বাড়ছে শিক্ষার্থী, সংকট শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজে শিক্ষার্থীর চাপ বেড়ে গেছে। এ কারণে শ্রেণীকক্ষের সমস্যাসহ দেখা দিয়েছে শিক্ষক-সংকট। একইসঙ্গে কলেজের শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে কলেজটি জেলার মধ্যে দ্বিতীয় হলেও এর অবকাঠামোগত মান খারাপ। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে ২ দশমিক ৬৭ একর জায়গা নিয়ে কুমিল্লা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালের ১ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এ কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স এবং হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৫০৯ জন। এর মধ্যে এক হাজার ৬৬২ জন ছাত্রী। কলেজে মাত্র ২০টি শ্রেণীকক্ষ আছে, দরকার ৩৪টি। অধ্যক্ষসহ শিক্ষক আছেন ৩৮ জন। বর্তমানে কলেজের সহযোগী অধ্যাপকের দুটি পদের মধ্যে বাংলা বিভাগের একটি এবং প্রভাষকের ১৯টি পদের মধ্যে বাংলা ও ইংরেজির দুটি পদ খালি। উচ্চমাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বিভাগ থাকলেও কম্পিউটার শিক্ষকের পদ নেই। শিক্ষক-সংকটের কারণে রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি বিভাগে দুজন করে খণ্ডকালীন শিক্ষক এবং ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে একজন করে খণ্ডকালীন শিক্ষক এনে ক্লাস চালাতে হচ্ছে। কলেজে প্রদর্শকের তিনটি পদের মধ্যে জীববিজ্ঞান ছাড়া পদার্থবিজ্ঞান ও রসায়নের দুটি পদই খালি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৪টি পদের মধ্যে সাতটি পদ শূন্য। নেই প্রধান সহকারী। দক্ষ বেয়ারারের চারটি পদ ও এমএলএসএসের দুটি পদও শূন্য। এদিকে কলেজে শরীরচর্চা শিক্ষক, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিকের কোনো পদ নেই। নেই উপাধ্যক্ষসহ কোনো ধরনের অধ্যাপকের পদ। প্রতিষ্ঠার ৪২ বছরেও এখানে কোনো ছাত্রাবাস গড়ে ওঠেনি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস নেই। নেই কোনো মিলনায়তন।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে এ কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স ও স্নাতক (সম্মান) শ্রেণীতে এক হাজার ৬৬০ জন এবং ২০০৯ সালে দুই হাজার ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হয়। ২০১০ সালে শুধু উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীতে ভর্তি হয় ৯০০ জন। সামনে আসছে ডিগ্রি ও স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি। তখন আরও শিক্ষার্থী ভর্তি হবে। একাধিক শিক্ষক জানান, ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু থাকলেও শিক্ষকের পদ রয়েছে তিনটি। এর মধ্যে প্রভাষকের একটি পদ আট মাস ধরে খালি। ফলে দুজন শিক্ষক ও খণ্ডকালীন শিক্ষক দিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ, দ্বাদশ শ্রেণী, ডিগ্রি পাস কোর্স ও স্নাতক (সম্মান) পর্যায়ের ক্লাস চালাতে হয়। এতে ওই বিভাগের শিক্ষকদের হিমশিম খেতে হয়। এনাম কমিটির প্রতিবেদন অনুযায়ী, কোনো বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স থাকলে ওই বিষয়ে কমপক্ষে সাতজন শিক্ষক থাকার কথা। কিন্তু এ কলেজের চারটি স্নাতক (সম্মান) বিষয়ের কোনোটিতেই তিনজনের বেশি শিক্ষক নেই। কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. আছাদুজ্জামান বলেন, ‘কলেজের নানা ধরনের সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় পদ সৃষ্টি না করলে আমাদের করার কিছু নেই।’ কলেজের জন্য নতুন শিক্ষক ও শ্রেণীকক্ষ দরকার বলে মন্তব্য করেন তিনি।