কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণিত বিভাগে শিক্ষকের পদ পাঁচটি। এর মধ্যে সহযোগী অধ্যাপকের একটি পদ দীর্ঘদিন শূন্য। এ অবস্থার মধ্য দিয়ে গণিত বিভাগের শিক্ষকদের উচ্চমাধ্যমিকের ৯০০ জন শিক্ষার্থী, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থীকে পাঠদান করাতে হচ্ছে।কেবল তাই নয়, পরিসংখ্যান বিভাগে তিনজন শিক্ষক, প্রাণিবিজ্ঞান, ইতিহাস ও দর্শন বিভাগে চারজন করে এবং সমাজকর্ম বিভাগে পাঁচজন শিক্ষক দিয়ে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষকসংকটের কারণে ওই বিভাগগুলোতে নিয়মিত ক্লাস হচ্ছে না।কলেজের প্রধান সহকারী আবু সালেহ মো. সামসুজ্জামান জানান, এই কলেজে শিক্ষকের ১৪৮ পদের মধ্যে ২৪টি পদ শূন্য। এর মধ্যে বাংলা বিভাগে সহকারী অধ্যাপকের দুটি ও প্রভাষকের একটি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষকের একটি, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগে প্রভাষকের একটি, সংস্কৃতি বিভাগে প্রভাষকের একটি, উর্দু বিভাগে প্রভাষকের একটি, সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষকের চারটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের একটি করে, অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপকের একটি ও প্রভাষকের দুটি, পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপকের একটি, গণিতে সহযোগী অধ্যাপক ও প্রভাষকের একটি করে, উদ্ভিদবিজ্ঞানে প্রভাষকের একটি, হিসাববিজ্ঞানে প্রভাষকের তিনটি, ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপকের একটি পদ শূন্য রয়েছে। জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ১৮ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ২৫৭ জন, ছাত্রী সাত হাজার ৬৬১ জন। কলেজে ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৭টি বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান হচ্ছে। পরিসংখ্যান বিভাগ চালু হয়েছে প্রায় ১৬ বছর আগে। এখন পর্যন্ত ওই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান হচ্ছে না। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পাস করার পর অন্য কলেজে গিয়ে ভর্তি হন। নিয়মানুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোনো বিষয় থাকলে সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ১২ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু এ কলেজে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ১২ জন শিক্ষকের পদ রয়েছে। অন্য ১১টি বিষয়ে সর্বনিম্ন তিনজন করে শিক্ষক রয়েছেন। গণিত বিভাগের শিক্ষার্থী ফজলুল হক, ফারহানা আক্তার ও জসিম উদ্দিন জানান, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না। তার ওপর বছরজুড়ে বিভিন্ন বিভাগের একাধিক পরীক্ষা থাকায় শিক্ষকেরা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকেন। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষক দিয়ে ক্লাস চালাতে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষকদের নগরের কান্দিরপাড়ে উচ্চমাধ্যমিক শাখার ক্লাস ও দেড় কিলোমিটার দূরের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস নিতে হয়।’শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় বিভাগগুলোতে পাঠদান চালাতে অসুবিধা হচ্ছে। অবিলম্বে প্রতিটি বিভাগে ১২ জন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। তবেই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহণ করতে পারবে।’কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘আমরা প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শূন্যপদগুলোর ব্যাপারে প্রতিবেদন পাঠিয়ে থাকি। একই সঙ্গে যেসব বিভাগে কম শিক্ষক রয়েছেন, সেখানে নতুন করে পদ সৃষ্টির দাবি জানিয়েছি।’