বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদী ও রংপুরের পীরগাছা উপজেলার জনজীবন। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে দরিদ্র ছিন্নমূল মানুষ। বেড়েছে ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪১ জন শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া সর্দি-জ্বরে আক্রান্ত্র হয়ে অসংখ্য রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবস্তী রায় বলেন, উপজেলার চর এলাকায় অবস্থিত উপজেলার সাঁড়া ইউনিয়নে এ পর্যন্ত মাত্র ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এরই মধ্যে পর্যাপ্ত শীতবস্ত্রের জন্য তিনি পাবনা জেলা প্রশাসককে অবগত করেছেন।ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে কাহিল হয়ে পড়েছে রংপুরের পীরগাছা উপজেলার তিন লাখেরও বেশি মানুষ। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দুস্থ ও ছিন্নমূল মানুষেরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, দুস্থ অসহায় মানুষের জন্য সরকারি ৫৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।