ঝিনাইদহের ছয়টি উপজেলায় দলিল লেখক সমিতি গঠন করে জমি রেজিস্ট্রির সময় মালিক ও ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ে জড়িত ব্যক্তিদের তালিকা চেয়েছেন আদালত। গতকাল সোমবার ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়েছে, কয়েকটি দৈনিক সংবাদপত্রে ঝিনাইদহ জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট গঠন করে জমির ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। সমিতির নামধারী চাঁদাবাজদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সরকারি একটি দপ্তরে সেবা নিতে এসে সেই দপ্তরের কর্মকর্তাদের নাকের ডগায় কোনো সমিতি এভাবে চাঁদাবাজি করতে পারে না। এটা আইনের চরম লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে আরও বলা হয়েছে, এরূপ চাঁদাবাজির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আবশ্যক। তাই সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে তাঁর এখতিয়ারাধীন এলাকায় এমন চাঁদাবাজিতে যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের নাম-ঠিকানাসংবলিত প্রতিবেদন জমা দিতে হবে। ১৪ ফেব্রুয়ারি ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বিচারক।
আদেশের কপি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রারসহ ছয়টি উপজেলার সাব-রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে।
দলিল রেজিস্ট্রি করতে সরকারকে পৌরসভা এলাকায় প্রতি ১ লাখ টাকায় সাড়ে ১১ হাজার টাকা ফি দিতে হয়। পৌরসভার বাইরে পরিমাণটা সাড়ে ৯ হাজার টাকা। কিন্তু ঝিনাইদহের ছয়টি উপজেলায় দলিল লেখকেরা সমিতির নামে সিন্ডিকেট গঠন করে পৌরসভা এলাকায় ১ লাখ টাকায় ১৬ হাজার ও ইউনিয়ন এলাকায় ১৫ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।