বাড়তি অর্থ আদায়ের সত্যতা পেল জেলা প্রশাসন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পেয়েছে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন। জানা গেছে, গতকাল সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসান গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে যান। এ সময় এক ঝটিকা পরিদর্শনে ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে পুরান বাউশিয়া গ্রামের হারুন উর রশিদ ভূঁইয়ার সঙ্গে তিনি ভূমি খারিজের বিষয় নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক তাঁকে জিজ্ঞেস করেন, কত টাকায় কাজ করেছেন? জবাবে হারুন জানান, সহকারী কমিশনারের কার্যালয়ে খারিজের জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়েছে এবং ভবেরচর কার্যালয়ে খাজনা দাখিলা রসিদের জন্য পাঁচ হাজার টাকা দাবি করছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান ভবেরচর কার্যালয়ে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত টাকা দাবি করার জন্য ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যলয়ের সহকারী কর্মকর্তা গোলাম রাব্বানী ক্ষমা চাওয়ায় তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘গজারিয়া ভূমি কার্যালয়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।