
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক) কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন টিউশন ফি বা অন্য কোনো নামে বাড়তি অর্থ নিতে না পারে, সে জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, ‘নতুন রাস্তাঘাট আমরা আর করছি না। বিদ্যমান সড়কের মান ভালো করছি।
স্বাস্থ্যসেবায় আমাদের বেশি খরচ করতে হচ্ছে। এ ছাড়া আরও অনেক খাত থেকে আমাদের ওপর হুকুম আসছে, সে খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সেই টাকাটা কোথা থেকে আসবে? সেটার জন্য রাজস্ব আদায় বাড়াতে হবে। আর রাজস্ব বাড়াতে বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়। তেমনই একটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ।’
রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। ব্র্যাক ও এটিএন বাংলার সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে ফি নেয়, তা খুবই হাই (বেশি)। আমি হিসাব করে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। এটা তার ফি, বইয়ের খরচ, খাওয়াদাওয়াসহ। আমি সেখান থেকে কত চেয়েছি? মাত্র ৭৫ টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি বলেছি যে এই সাড়ে ৭ শতাংশ ভ্যাট, যেটা টিউশন ফি আদায় হচ্ছে সেখান থেকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে। এখন শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি নজর না দাও, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিস-টিস, ডেভেলপমেন্ট ফান্ড ইত্যাদি ইত্যাদি করে সেখান থেকে আবার তোমাদের কাছ থেকে এই অর্থ তুলে নেবে। সে জন্য তোমরা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, যাতে তোমাদের ফিস এই সাড়ে ৭ শতাংশ ভ্যাটের জন্য আবার না বাড়ে।’
অর্থমন্ত্রী বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘যা কিছু আমার সামনে আসে, তা সম্পর্কে আমি মন্তব্য করি। এটা আমার চরিত্রগত দোষ। নানা ধরনের মন্তব্য করি। এর মধ্যে আবার কিছু ভুলও হয়ে যায়। সেসব বক্তব্য আবার তুলেও নিতে হয়। সমাজজীবনে এটা চলবেই।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাটের জন্য আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছেন। আপনারা যে আন্দোলন করছেন, আমি যদি তার নেতা হতাম, তাহলে বলতাম যে আমি ভ্যাট দেব। কিন্তু এ জন্য একটি ট্রাস্ট করতে হবে। ট্রাস্টের নাম হবে রিসার্চ ট্রাস্ট ফান্ড। আমি যত পরিমাণ ভ্যাট দেব, সমপরিমাণ টাকা সরকারও ওই ট্রাস্টে দেবে। ওই অর্থ গবেষণায় খরচ হবে। তাহলে অনেক মানসম্পন্ন গবেষণা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আসবে।’
অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান সুদের হার কমাতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সুদের হার সরকার ঠিক করে না, ব্যবসায়ীরাই ঠিক করেন। ব্যবসায়ীরা যদি সুদের হার কমান, তাহলে সরকারও সঞ্চয়পত্রের সুদের হার আরও কমিয়ে দেবে।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহম্মদ মুসা, শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান ও ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরন উপস্থিত ছিলেন।
এর আগে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জে কে উচ্চবিদ্যালয় এবং নাটোরের আগ্রাণ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বজ্রযোগিনী বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আয়োজকেরা জানান, দুই হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এ নিয়ে তিনবার এমন প্রতিযোগিতার আয়োজন করা হলো।