বাড়তি আয়ের সুযোগের কথা বলে প্রতারণা তরুণ গ্রেপ্তার
‘ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বাড়তি আয়ের সুযোগ’—এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব)সদস্যরা পাবনা শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকেগতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেন।র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনিরামপুর গ্রামের নিকুন কুমার কুণ্ডু (১৮) গ্রামীণফোনের সেলবাজারে এফএক্স সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। বিজ্ঞাপনে নিকুন কুমার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা ও চাকরি করে বাড়তি আয়ের সুযোগ করে দেওয়ার কথা বলতেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মুঠোফোনের নম্বর দিতেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রেজিস্ট্রেশন ও ব্যবসায়িক চুক্তির জন্য কুরিয়ারে বিভিন্ন অঙ্কের টাকা পাঠাতে বলতেন। সম্প্রতি ঢাকার মিরপুর এলাকার প্রতারিত যুবক আতাউদ্দিন মো. আদনান তাঁকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নতুন একজনকে দিয়ে নিকুন কুমারের কাছে ফোন করে ব্যবসায়িক চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। নিকুন কুমার নতুন ওই লোককে পাবনার একটি কুরিয়ার সার্ভিসের দোকানে ১২ হাজার টাকা পাঠাতে বলেন। আদনান ১২ হাজার টাকার স্থলে কুরিয়ার সার্ভিসের দোকানে দুই হাজার টাকা পাঠিয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কর্মকর্তাদের বিষয়টি জানান। র্যাবের সদস্যরা শুক্রবার সকাল থেকেই ওই দোকানে অবস্থান করতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে নিকুন কুমার ওই দোকানে এসে টাকা তুলতে গেলে র্যাবের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।