বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকদের দায়িত্বের অতিরিক্ত কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রয়োজনে অফিসের নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় দিতে হবে।’
গতকাল রোববার দায়িত্বশীলতা ও নৈতিক মূলনীতিবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কামরুল হাসান খান এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের উদ্দেশে কামরুল হাসান খান বলেন, বর্তমান প্রশাসন ‘চেইন অব কমান্ড’ ও ‘সিস্টেম’ উন্নয়নে কাজ করছে।
কারিগরি অধিবেশনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী ও অধ্যাপক এম আবুল কাশেম। বিজ্ঞপ্তি।