বাড়তি ক্ষতিপূরণের আশায় ঘর নির্মাণ, পুকুর খনন
আশপাশে ফসলি জমি। এক পাশে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ও কন্সট্রাকশন ইয়ার্ড। সেখানে চলছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। এমন একটি জায়গায় পুকুর খনন করা হয়েছে। যদিও পুকুরে পানি নেই। জায়গাটি ক্ষতিপূরণের তালিকায় পুকুর হিসেবে উঠেছে। মূল্য পরিশোধ করা হবে জমি, পুকুর ও মাছের। অথচ এক বছর আগেও ওই স্থানটি ছিল পদ্মার ধু ধু বালুচর।
শরীয়তপুরের জাজিরা উপজেলার ফজলুর রহমান মাদবরকান্দি গ্রামের বাসিন্দা সোবাহান চোকদার এ পুকুর খনন করেছেন। তিনি একা নন। সেনানিবাস নির্মাণের জন্য উপজেলার ১০১ নম্বর নাওডোবা মৌজায় জমি অধিগ্রহণ করা হবে। খবর পেয়ে বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় আরও অনেকে ফসলি জমিতে ঘরবাড়ি নির্মাণ কিংবা পুকুর খনন করেন। ইতিমধ্যে অন্তত ২১টি পুকুর খননের তথ্য পাওয়া গেছে। এখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব ঘরবাড়ি ও পুকুরগুলোর ক্ষতিপূরণ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থায়ী সেনানিবাস নির্মাণ করা হবে। এ জন্য ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণের জন্য গত বছর ৫ মে সেনাবাহিনী জেলা প্রশাসককে চিঠি দেয়। এরপর জমি অধিগ্রহণে জেলা প্রশাসন ১ জুন জমির মালিকদের নোটিশ দেয়। ১৬ জুন জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ তদন্ত শুরু করে জমির মালিকদের তালিকা ও স্থাপনার তালিকা তৈরি করতে থাকে। স্থাপনার মূল্য নির্ধারণ করতে তালিকা ২২ আগস্ট শরীয়তপুর গণপূর্ত বিভাগকে দেওয়া হয়। জমিতে স্থাপনা ও পুকুরের মূল্য নির্ধারণের কাজ করছে গণপূর্ত বিভাগ। গাছের মূল্য নির্ধারণের কাজ করছে বন বিভাগ।
উপজেলার ফজলুর রহমান মাদবরকান্দি গ্রামের সোবাহান চোকদার বলেন, ‘আমার জায়গায় গত বছর আমি পুকুর খনন ও ঘর নির্মাণ করেছি। এখন জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির মূল্যের পাশাপাশি পুকুর ও ঘরের ক্ষতিপূরণ পাব।’
হাজি মকিম খাঁর কান্দি গ্রামের দুদু মিয়া মোড়ল বলেন, ‘আমি ভাড়া দেওয়ার জন্য ঘর নির্মাণ করেছি। পদ্মা সেতুতে কর্মরত শ্রমিকেরা আমার ঘরে ভাড়া থাকেন।’
গত সোম ও মঙ্গলবার পদ্মা সেতু প্রকল্পের জাজিরার নাওডোবায় গিয়ে দেখা যায়, ফসলি জমির মধ্যে এলোমেলোভাবে ঘর তোলা হয়েছে। তবে বেশির ভাগ ঘরে কোনো মানুষ বসবাস করে না। পুকুরগুলোতে পানি নেই।
জমি অধিগ্রহণ করা হবে এমন খবর পেয়ে নাওডোবা বাজারের ব্যবসায়ী নাজমুল মোল্যা ওই মৌজায় দুই বিঘা জমি ক্রয় করেছেন। এক বিঘায় একটি পুকুর খনন করেছেন। বাকি জায়গায় চারটি ঘর নির্মাণ করেছেন। এগুলো পাহারা দেওয়ার জন্য পদ্মা সেতু প্রকল্পে কর্মরত একটি পরিবারকে বিনা ভাড়ায় থাকতে দিয়েছেন।
নাজমুল মোল্যা বলেন, ‘ওই স্থানে মার্কেট নির্মাণ করার জন্য আমি জমি ক্রয় করেছিলাম। জমি অধিগ্রহণ করা হবে, এমন কথা শুনে পুকুর খনন করেছি। ভাড়া পাওয়ার জন্য ঘর নির্মাণ করেছি। এখন সরকার ক্ষতিপূরণ দেবে।’
জানতে চাইলে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ক্ষতিপূরণের তালিকা করার আগে সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথ তদন্ত করেছে। সেই তালিকা অনুযায়ী, মূল্য পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করা হবে। প্রয়োজনে তালিকা যাচাই-বাছাই করা হবে।