বাড়তি ছুটির পরও অফিসগুলো ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে বিড়ম্বনা দূর করতে এবং উৎসবকে আনন্দময় করতে এক দিন বাড়তি ছুটি দিয়ে এবার সরকারি চাকুরেদের টানা ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। তবে সেই ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার প্রথম কর্মদিবসেও ছুটির আমেজ দেখা গেছে সরকারি অফিসগুলোতে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুব কম। যাঁরা এসেছেন, তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং সামান্য কাজ করে সময় পার করেছেন। অনেকে দুপুরের পর অফিস ছেড়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও কম এসেছেন। সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। সরকারি অন্য অফিসেও প্রায় একই চিত্র।
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, অনেক কক্ষই ফাঁকা ফাঁকা। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় ছিলেন কেবল জ্যেষ্ঠ সহকারী সচিব। তিনি বললেন, অফিস সহকারীকে (পিয়ন) একটু বাইরে পাঠানো হয়েছে, বাকি দুজন ছুটিতে আছেন। পাশের একটি কক্ষে কাউকে দেখা যায়নি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অফিসে এসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েও উপস্থিতি ছিল কম। একজন কর্মকর্তা বললেন, মন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবারই গ্রামের বাড়িতে গেছেন।
বেলা দেড়টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম।
বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম হলেও মন্ত্রী তোফায়েল আহমেদ, সচিব হেদায়েতুল্লাহ আল মামুন অফিসে আছেন। তোফায়েল আহমেদ দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন লবণের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ইতিমধ্যে দেড় লাখ টন লবণ আমদানি করা হয়েছে। আরও এক লাখ টন আমদানি করার বিষয়টি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সম্প্রতি লবণের দাম বেড়ে কেজিপ্রতি প্রায় ৪২ টাকায় ওঠে।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ হবে সম্পূর্ণভাবে জঙ্গি ও সন্ত্রাসীমুক্ত। টঙ্গীর
টাম্পাকো কারখানায় দুর্ঘটনার বিষয়টি উল্লেখ করে তিনি নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের সাজা দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েও উপস্থিতি কম দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা তৎপর থাকায় এবার ঈদ ভালোভাবে উদ্যাপিত হয়েছে। ঈদুল ফিতরের মতো ঘটনা যেন না ঘটে, সে জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট ছিল।
১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। সে অনুযায়ী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি হওয়ার কথা থাকলেও মানুষের সুবিধার্থে ১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। তবে ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শনিবার অফিস করতে হবে। ১১ সেপ্টেম্বরের আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদের ছুটি দাঁড়ায় ছয় দিন। কেউ কেউ বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা আরও তিন দিন ছুটি কাটাচ্ছেন। কারণ, আজ শুক্রবার ও কাল সাপ্তাহিক ছুটি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শুভেচ্ছা বিনিময় শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এবার ঈদে পর্যটন খুবই বাড়ন্ত। পর্যটন স্পটগুলোতে তাঁরা পর্যটকদের জায়গা দিতে পারেননি। অবকাঠামো আরও বাড়াতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঈদের ছুটিতে কিছু লোক বিদেশেও গেছে।
অনেকে ছুটি নেওয়ায় উপস্থিতি কম জানিয়ে মেনন বলেন, আশা করা যায়, রোববার থেকে পুরোদমে অফিস শুরু হবে।