বাড়তি টাকা কাটায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন থেকে অবসর-সুবিধা ও কল্যাণ তহবিলের জন্য অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেওয়ার প্রতিবাদে নোয়াখালী ও ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা। অতিরিক্ত টাকা কাটা বন্ধের পাশাপাশি বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা চালুরও দাবি জানান আন্দোলনরত শিক্ষকেরা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর।

নোয়াখালী শহরের টাউন হল মোড়ে জেলা শিক্ষক সমিতির আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় সোয়া এক ঘণ্টা স্থায়ী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সদর উপজেলা শাখার সভাপতি এ বি এম আবদুল আলীম। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভক্তি রঞ্জন সাহা, জেলা কমিটির সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, শিক্ষকনেতা মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাঁরা শিক্ষা জাতীয়করণের যৌক্তিক দাবিও মেনে নেওয়ার আহ্বান জানান।

ফেনী সদর উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী। বক্তব্য দেন সহসভাপতি জামাল উদ্দিন, আলগমীর চৌধুরী, অর্থসম্পাদক আমিনুল ইসলাম মজুমদার প্রমুখ। একই সময় শিক্ষক সমিতির অপর একটি অংশ ট্রাংক রোডের সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

গতকাল দুপুরে শিক্ষক সমিতির উদ্যোগে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধনে অংশ নেন বেসরকারি শিক্ষকেরা। শিক্ষক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সেলিম আল দ্বীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম প্রমুখ।