চট্টগ্রাম-নোয়াখালী-রামগঞ্জ যাত্রাপথে বলাকা সার্ভিসের নিয়মিত ৪০টি বাস চলাচল করে। বলাকার আরও ৩০টি বাস দীর্ঘদিন বিকল হয়ে পড়ে ছিল। কিন্তু ঈদে ঘরমুখী মানুষের চাপের সুযোগে বাড়তি টাকা কামিয়ে নিতে লক্কড়ঝক্কড় বাসগুলো টুকটাক মেরামত করিয়ে এখন রাস্তায় নামানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নগরের ছোটপুল এলাকায় মেরামত করে আনার পর বলাকার তিনটি বাসে রং করছিলেন কয়েকজন কর্মচারী। এ সময় দুই চালক সিরাজ ও মহিউদ্দিন বলেন, এত দিন নানা সমস্যায় গাড়িগুলো বসে ছিল। এখন ঠিকঠাক করে নামানো হচ্ছে। এ রকম ২৫-৩০টি রয়েছে।শুধু বলাকার বাসই নয়, নগরের বিভিন্ন গ্যারেজে এখন লক্কড়ঝক্কড় বাস মেরামতের হিড়িক পড়েছে। ঈদের তিন-চার দিন আগে এসব বাস মেরামত করে দেওয়ার তাগাদা রয়েছে। তাই দিনরাত চলছে মেরামতকাজ। প্রতিটি যাত্রাপথের বাসই মেরামত করা হচ্ছে। লক্কড়ঝক্কড় এসব বাস রাস্তায় নামার পর ঠিকভাবে চলবে কি না, তার নিশ্চয়তা মিলছে না। অতিরিক্ত চাপ মোকাবিলায় চট্টগ্রাম-কক্সবাজার যাত্রাপথে শহর এলাকার বাসও ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন করবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর চাপ মোকাবিলায় কক্সবাজার রুটে আমাদের নগর পরিবহনের কয়েকটি বাস চুক্তিতে সাময়িকভাবে দেওয়া হয়েছে।’ সরজমিনে দেখা গেছে, নগরের সরাইপাড়া শহীদুল্লাহ মিস্ত্রির গ্যারেজে মেরামত করা হচ্ছিল বসুরহাট এক্সপ্রেস ও নোয়াখালী রুটের খাজা এক্সপ্রেসের বাস। এই দুটি বাসই কয়েক মাস আগে দুর্ঘটনায় পড়ে বিকল হয়ে পড়ে ছিল। একই গ্যারেজে ভৈরবে চলাচলকারী বৈশাখী সার্ভিসের বাসও মেরামত করা হচ্ছিল। বৈশাখীর চালক নাজিম উদ্দিন জানান, ‘দু-এক দিনের মধ্যেই এটি মেরামত করে রাস্তায় নামানো হবে। রাস্তায় না নামানো পর্যন্ত বলতে পারছি না, এটা ঠিকমতো চলবে কি না। এখন গাড়ির ডিমান্ড বেশি। তাই নামাতে হচ্ছে।’জানা গেছে, রায়পুর ও লক্ষ্মীপুর যাত্রাপথে চলাচলকারী জোনাকি ও শাহী এক্সপ্রেসের প্রায় ৭০টি করে বাস রয়েছে। কিন্তু এত দিন চলাচল উপযোগী ছিল দুই সার্ভিসের ১০০টির মতো বাস। বাকি বিকল বাসগুলোর মেরামতকাজ করে ঈদের আগেই নামানোর প্রস্তুতি চলছে। একইভাবে মাইজদী রুটে চলাচলকারী বাঁধন সার্ভিসের ৮০টি বাসের অন্তত ২০টি বিকল ছিল। ঈদ উপলক্ষে হালকা মেরামতকাজ করে সেগুলো চলাচল উপযোগী করা হচ্ছে। নগরের পাক্কার মাথা এলাকার এসআর বডি বিল্ডার নামে একটি গ্যারেজের মিস্ত্রি মো. আইয়ুব বলেন, ‘দুই-চার মাস আগে বসে যাওয়া বাসগুলোর এখন জোরেশোরে মেরামতকাজ চলছে। আমাদের এখানে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ বিভিন্ন রুটের গাড়ির মেরামতকাজ চলছে। দু-এক দিনের মধ্যে এগুলো রাস্তায় নামবে।’পাক্কার মাথা এলাকায় মোহিন মিস্ত্রির গ্যারেজে দেখা গেছে, প্রাইম সার্ভিসের চারটি বাস মেরামত করা হচ্ছে। এ ছাড়া আশপাশের বিভিন্ন গ্যারেজে ইউনিক, চয়েস, সোহাগসহ বিভিন্ন বাস মেরামত ও রং করার কাজ চলছে। চট্টগ্রাম-ভোলা-চরফ্যাশন রুটে চলাচলকারী সীমান্ত সুপার সার্ভিসের গ্যারেজে দেখা যায়, তাদের বাসগুলোর রং করা ও হালকা মেরামতকাজ চলছে। এই সার্ভিসের ১৭টি বাস রয়েছে। তার মধ্যে সবই চলাচলের যোগ্য বলে দাবি করেছেন গ্যারেজের দায়িত্বে থাকা ইসমাইল।এ প্রসঙ্গে আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন বলেন, ‘বাস অনেক আছে। এখন রাস্তার কারণে তাড়াতাড়ি নষ্টও হচ্ছে। তাই টুকটাক কাজ করে চলাচলের যোগ্য করে হয়তো দু-একটা নামানো হচ্ছে। তবে রাস্তা ভালো থাকলে যাত্রী পরিবহনে সমস্যা হবে না ইনশা আল্লাহ।’প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার ২১টি যাত্রাপথে বাস চলাচল রয়েছে।