বাড়তি টাকা দিলে পার না দিলে অপেক্ষা
‘দালাল আর পুলিশ প্রকাশ্যে টাকা নিয়ে ফেরিতে ট্রাকের বুকিং দিচ্ছে। বাড়তি টাকা না দিলে পার হওয়া যায় না। এই জুলুম থেকে আমাদের রক্ষা করেন।’ গত শনিবার রাতে পাটুরিয়া ফেরিঘাটে বুকিং কাউন্টারের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে ট্রাকশ্রমিকেরা এভা-বেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, আকবরসহ আরও অনেক ট্রাকশ্রমিক জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ও দৌলতদিয়া বুকিং কাউন্টারের দুর্নীতির বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। দালাল হিসেবে পরিচিত স্থানীয় কিছু প্রভাবশালী ও পুলিশের কিছু সদস্যের সঙ্গে বুকিং কাউন্টারের কর্মকর্তা-কর্মচারীদের সখ্য রয়েছে। দালালেরা বুকিং কাউন্টার থেকে আগাম টিকিট নিয়ে রাখেন। ঘাট এলাকায় পৌঁছে অথবা আগে থেকে যোগাযোগ করে ট্রাকচালকেরা ওই সব দালাল ও পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিলে সহজেই টিকিট পেয়ে যান। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে পণ্যসহ ট্রাকের ভাড়া ৯৬০ টাকা। কিন্তু দ্রুত পার হওয়ার জন্য দালালদের দিতে হয় এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা।শনিবার রাত আটটার দিকে কাউন্টারে কর্মরত টিম ইনচার্জ আবদুস ছালামকে বলেন, ‘প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা দালাল ও কতিপয় পুলিশ সদস্যের কাছে আমরা জিম্মি। তাঁরা ভাড়ার অতিরিক্ত টাকা নিয়ে আমাদের সিরিয়াল ছাড়া বুকিং দিতে বাধ্য করেন। তাঁদের কথামতো বুকিং না দিলে আমাদের লাঞ্ছিত হতে হয়।’বাংলাদেশ আন্ত-জেলা ট্রাকচালক ইউনিয়নের বেনাপোল শাখার কার্যকরী সভাপতি শেখ ফরিদ অভিযোগ করেন, নদী পার হওয়ার জন্য টার্মিনাল এলাকায় প্রবেশ করতেই বিআইডব্লিউটিএর কাউন্টার থেকে সিরিয়াল নিতে হয়। নিয়ম অনুযায়ী সিরিয়াল পাওয়া প্রতিটি ট্রাকের ফেরিতে বুকিং পাওয়ার কথা। কিন্তু পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে এ নিয়ম মানা হয় না। অতিরিক্ত টাকা না দিলে নানা অজুহাতে বুকিং টিকিট দেওয়া হয় না। প্রতিবাদ করলেই দালালদের হাতে লাঞ্ছিত হতে হয় ট্রাকচালকদের। পুলিশের সামনে অহরহ এসব ঘটনা ঘটলেও পুলিশ নীরব থাকে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এ মতিন দালালদের দৌরাত্ম্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, দালাল প্রতিরোধের জন্য আইনি সহায়তা চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া যাচ্ছে না।