বাড়তি টাকা নিয়ে গাড়ি ফেরিতে তোলায় দুই ব্যক্তির কারাদণ্ড
অর্থের বিনিময়ে পেছনে থাকা গাড়িকে নিয়ম ভেঙে আগে ফেরিতে তোলার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আটক দুই ব্যক্তিকে আজ সোমবার ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় থানা-পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার বাসিন্দা নাসির সরদারের ছেলে মিলন সরদার (২৭) এবং বাহির চর দৌলতদিয়ার রহমান শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)। আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড দেন।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া জানান, দৌলতদিয়া ঘাটে নদী পারের জন্য পণ্যবাহী গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করে থাকে। একটি চক্র দীর্ঘদিন ধরে এ অবস্থার সুযোগ নিয়ে অবৈধভাবে অর্থ আয় করে যাচ্ছে। ওই চক্র চালকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে সারির পেছনে থাকা গাড়িগুলোকে ফেরিতে আগে ওঠার সুযোগ করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এভাবে টাকা আদায়ের সময় ওই দুজনকে আটক করে পুলিশ। রাতেই তাঁদের গোয়ালন্দ থানায় সোপর্দ করা হয়। আজ থানা-পুলিশ ওই দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।