বাড়তি দাম নেওয়ায় ডিজেল বিক্রেতার সঙ্গে কৃষকদের হাতাহাতি
পঞ্চগড়ের আটোয়ারীতে হরতাল ও অবরোধের অজুহাতে বাড়তি দামে ডিজেল বিক্রির সময় এক বিক্রেতা এবং তাঁর লোকজনের সঙ্গে স্থানীয় কৃষকদের হাতাহাতি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, চলমান হরতাল এবং অবরোধের সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে ফকিরগঞ্জ বাজারের ডিজেল বিক্রেতা রিপন এন্টারপ্রাইজের মালিক আবদুর রহমান সপ্তাহ খানেক ধরে প্রতি লিটার ডিজেল ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। অথচ সরকারিভাবে প্রতি লিটার ডিজেলের দাম সাড়ে ৬৮ টাকা করে নির্ধারণ করে দেওয়া আছে। অবরোধের কারণে নিরুপায় কৃষকেরা কয়েক দিন ধরেই ওই বাড়তি দামেই ডিজেল কিনছিলেন।
কিন্তু গত বুধবার আবদুর রহমান প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১০ টাকা করলে স্থানীয় কৃষকেরা ক্ষুব্ধ হন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বিক্রেতা এবং তাঁর লোকজনের সঙ্গে কৃষকদের হাতাহাতি শুরু হয়। এ সময় কৃষকেরা বিক্ষোভও শুরু করেন।
খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান কামরুজ্জামান গোলাপ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় ওই দিন কৃষকদের কাছ থেকে নেওয়া বর্ধিত মূল্য তাৎক্ষণিকভাবে তাঁদের ফেরত দেওয়া হয়। কামরুজ্জামান বলেন, কৃষকদের কাছে বর্ধিত মূল্যে ডিজেল বিক্রি করছিলেন আবদুর রহমান। পরে অবশ্য কৃষকদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।
আবদুর রহমান বলেন, হরতালের কারণে গাড়ি ভাড়া অনেক বেশি। তাই প্রশাসনের সঙ্গে কথা বলেই বাধ্য হয়ে কিছুটা বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছিল।
তবে জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহ উদ্দিন বলেন, ‘হরতাল-অবরোধের কারণে কোনো কিছুই নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রির সুযোগ নেই।
তা ছাড়া আমার জানামতে প্রশাসনের কেউ তাঁকে এমন অনুমতি দিতেও পারেন না। কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’