সাতকানিয়া উপজেলায় এবার আলুর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে দাম গতবারের চেয়ে বেশি থাকায় খুশি চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে স্থানীয় দোহাজারী জাতের এবং ৫০ হেক্টরে ডায়মন্ড ও কার্ডিনাল জাতের আলুর চাষ হয়েছে। তবে খাগরিয়া ও কালিয়াইশ ইউনিয়নের কিছু আলুখেত ভাইরাস আক্রান্ত হয়। ফলে এসব খেতের আলুর আকার বড় হয়নি। ভাইরাস আক্রান্ত খেতগুলোতে ফলন একটু কম হয়েছে। এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৩ হাজার মেট্রিক টন। ২৩ মার্চ পর্যন্ত উৎপাদন হয়েছে ২১ হাজার ১৫০ মেট্রিক টন। আর খেতে যেসব আলু আছে তাতে ৩০০ মেট্রিক টন উৎপাদন হতে পারে।
চাষিরা জানান, স্থানীয় জাতের এই আলুর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এ ছাড়া এবার বাজারমূল্য গত বছরের চেয়ে বেশি। গত বছর প্রতি মণ আলু বিক্রি হয়েছে আকার ভেদে ৭০০ থেকে ৮০০ টাকায়। এ বছর তা বেড়ে হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।
সরেজমিনে আলুর ভান্ডারখ্যাত উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া ও নতুন চরখাগরিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ খেতের আলু তোলা শেষ হয়েছে। বাকি কিছু জমিতে চাষি ও শ্রমিকেরা আলু তুলছেন।
চরখাগরিয়া গ্রামের চাষি কোরবান আলী (৫৫) বলেন, এ বছর পাঁচ কানি জমিতে স্থানীয় জাতের আলুর চাষ করেছি। তিন কানিতে ভালো ফলন হয়েছে। তবে দুই কানির ফলন আশানুরূপ হয়নি। ওই খেতগুলোতে পাতা কুঁচকে গিয়ে আলুর আকার বড় হয়নি। তবে ফলন সামান্য কম হলেও দাম বাড়তি থাকায় লোকসান হয়নি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ভাইরাসের কারণে উপজেলার অল্প কিছু আলুখেতে ফলনের আকার ছোট হয়েছে। এতে চাষিদের তেমন কোনো ÿক্ষতি হবে না। কারণ আলুর বাজারমূল্য বেশি থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।
সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে আলুর চাষ বেশি হয়েছিল।
কিন্তু আলুর উৎপাদন একটু কম হয়েছে। এ কারণে চাষিদের মধ্যে কোনো হতাশা নেই যায়নি। বরং মাঠপর্যায়ে চাষিদের সঙ্গে আলাপ করে জেনেছি, তাঁরা ভালো লাভ পেয়েছেন।