বাড়তি পাওয়া যাবে প্রায় ১০০ কোটি লিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৪০ বছর ধইরা এইহানে। শুরুর দিকে ভালাই আছিল। অহন নদীর পানি আর ওয়াসার কলের পানি—সব সমান অইয়া গেছে।’ বলছিলেন পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকার প্রবীণ বাসিন্দা সোলায়মান মিয়া। কথা বলতে বলতে তিনি বারবার চশমাটা মুছছিলেন। সোলায়মান মিয়ার মতে, বুড়িগঙ্গার ‘কালা পানি’ দেখতে এবার হয়তো চশমাই পাল্টাতে হবে।সোলায়মান মিয়ার মতো ওই এলাকার অনেক বাসিন্দাই এখন আর পয়সা খরচ করে ওয়াসার পানি ব্যবহার করেন না। কারণ চাঁদনীঘাট শোধনাগার বুড়িগঙ্গার শোধন করা যে পানি সরবরাহ করে, তাতে প্রায় নদীর পানির মতোই বমি উদ্রেককারী দুর্গন্ধ পাওয়া যায়।একই অবস্থার কথা বললেন সরাইল এলাকার বাসিন্দা আবদুর রহিম। শীতলক্ষ্যা নদীর কালো ফেনাযুক্ত দুর্গন্ধময় দূষিত পানি সায়েদাবাদ শোধনাগারে শোধন করে ওই এলাকায় সরবরাহ করা হয়।রাজধানীর পশ্চিমাঞ্চলে গাবতলীসংলগ্ন তুরাগ, উত্তরাঞ্চলে টঙ্গী খাল (তুরাগ) এবং পূর্বাঞ্চলে বালু নদীর পানির ওপর থেকেও ভরসা হারিয়ে ফেলছে সবাই। তাই এসব নদীর পানির ওপর নির্ভর করে নতুন শোধনাগার হওয়ার বিষয়টি অনিশ্চিত। এ অবস্থায় সরকারও ঢাকার বাইরের নদীগুলো থেকে পানি সংগ্রহ করা ছাড়া অন্য কোনো উপায় দেখছে না। এ ক্ষেত্রে মেঘনা ও পদ্মা নদীর কথাই জোর দিয়ে ভাবা হচ্ছে।ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সম্ভাবনা তুলে ধরে জানান, ভারতে ২৫ বছর ধরে যমুনার দূষণ দূর করার কাজ চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, দূষণমুক্ত করা ছাড়া এই নদীর পানি শোধনাগারে নেওয়া যাবে না।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার চেষ্টা চলছে। টাস্কফোর্স ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপাতত এই দুটি নদীর ওপর ভরসা রাখা যাচ্ছে না। এমনকি বালু ও তুরাগ নদের ওপরও নয়। সে কারণেই ঢাকার বাইরের পানি ব্যবহার বাড়ানোর বিষয়ে বড় ধরনের কাজ হচ্ছে।মারাত্মক দূষিত হওয়ায় রাজধানীর আশপাশের নদীগুলোর পানির ওপর ভিত্তি করে শোধনাগার স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলছে অর্থ লগ্নীকারী দাতা সংস্থাগুলোও।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, দাতা সংস্থাগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ বা বালু নদীর পানি শোধন করতে প্ল্যান্ট নির্মাণে রাজি নয়। সরল সুদে ঋণ দিতে রাজি তো নয়ই।মেঘনার পানিতে খিলক্ষেত শোধনাগার: ঢাকার নদীগুলোর দূষণের কারণে সরকার ও দাতা সংস্থা উভয়ের দৃষ্টি এখন প্রধানত মেঘনা নদীর দিকে। মন্ত্রণালয় ও ওয়াসা সূত্র জানায়, ঢাকার নদীর পরিবর্তে বাইরের নদী ব্যবহারের শর্ত দিয়েছিল একাধিক দাতা সংস্থা। শেষ পর্যন্ত মেঘনা নদীর সোনারগাঁ বৈদ্যের বাজারসংলগ্ন অংশকে পানি সংগ্রহের উৎসস্থল স্থির করে পাইপলাইনের মাধ্যমে খিলক্ষেতে আনার সিদ্ধান্ত হয়েছে। সেখানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দৈনিক ৫০ কোটি লিটার উৎপাদন ক্ষমতার শোধনাগার নির্মাণ করা হবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এটি বাস্তবায়নে খরচ হবে সাড়ে তিন হাজার কোটি টাকা বা ৫০ কোটি ডলার।সায়েদাবাদেও মেঘনার পানি: খিলক্ষেত শোধনাগার থেকে একটি সংযোগ লাইন করে মেঘনার পানি সায়েদাবাদ শোধনাগারে নেওয়া হবে। এভাবে ধীরে ধীরে শীতলক্ষ্যা নদীর ওপর নির্ভরশীলতা কমানো হবে। এই শোধনাগার বর্তমানে প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। একই উৎপাদন ক্ষমতার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন হয়েছে গত বছরের ১৫ এপ্রিল।সূত্র জানায়, শীতলক্ষ্যার মারাত্মক দূষণের কারণে সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্বের জন্য ঋণ দিতে শুরুতে কেউ রাজি হচ্ছিল না। শেষে ডেনমার্ক সরকার অর্ধেকের বেশি ব্যয় নির্বাহ করতে রাজি হলেও এই মর্মে শর্ত জুড়ে দিয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব, ঢাকার বাইরের নদী থেকে পানি আনতে হবে। এরপর হবে তৃতীয় পর্যায়ের কাজ। এক হাজার ১৪০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ দ্বিতীয় প্রকল্পে ডেনমার্ক সরকার ৭৭৪ কোটি টাকা সুদবিহীন ঋণ দিচ্ছে। বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। ২০১২ সালের জুন মাসে দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। ওয়াসা সূত্রমতে, মেঘনার পানির লাইন সায়েদাবাদ পানি শোধনাগারের সঙ্গে যুক্ত করার পর শীতলক্ষ্যার পানি ব্যবহার বন্ধ করে দেওয়া হতে পারে।পাগলা বা কেরানীগঞ্জে পদ্মার পানি: আওয়ামী লীগের আগের মেয়াদের (১৯৯৬-২০০১) সরকার নারায়ণগঞ্জের পাগলায় একটি পানি শোধনাগার করতে চেয়েছিল। এখন বলা হচ্ছে, পাগলা অথবা কেরানীগঞ্জে তা স্থাপন করা হবে। দুটির যেখানেই হোক, মাওয়া থেকে পদ্মার পানি আনা হবে। পাগলায় এ জন্য ইতিমধ্যে জায়গা নেওয়া আছে। অন্যদিকে কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ চলছে। তবে পাগলার জমি ওয়াসার অন্য প্রকল্পে দিয়ে কেরানীগঞ্জেই শোধনাগারটি করা হতে পারে বলে জানা গেছে। শুরুতে কঠিন কিছু শর্ত দিয়ে এই প্রকল্পে অর্থায়নে এগিয়ে এসেছিল চীনের একটি সরকারি প্রতিষ্ঠান। শর্তের মধ্যে ছিল, তারা সরল সুদের (দশমিক ৫ শতাংশ) পরিবর্তে ৫ শতাংশ সুদে অর্থ লগ্নি করবে এবং সব যন্ত্রপাতি নিতে হবে চীন থেকে। এই শর্ত মেনেই ২০০১ সালে পাগলা পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুই হাজার এক কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি জোট সরকারের একনেক সভায় অনুমোদন পায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার পাগলায় শোধনাগার করার চিন্তাভাবনা শুরু করে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক হাজার ৮০০ কোটি টাকায় শোধনাগার নির্মাণের প্রাথমিক হিসাবও করা হয়েছে। এখান থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি পাওয়া যাবে। কিন্তু এখনো উপযুক্ত দাতা সংস্থা পাওয়া যায়নি। তবে চীনের একটি কোম্পানি এতে বিনিয়োগ করতে পারে।