বাড়তি পুলিশ চেয়ে চিঠি, তৈরি হচ্ছে মাস্তানদের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি ১০ হাজার পুলিশ চেয়ে সংস্থার সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে নগর পুলিশ। নির্বাচনে গোলযোগ সৃষ্টি করতে পারে—পাড়াভিত্তিক এমন সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে পুলিশ। নগর পুলিশের তালিকাভুক্ত প্রায় ৬০০ জন সন্ত্রাসীকেও এ তালিকায় রাখা হচ্ছে। নগরের ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাধ্যমে নতুন তালিকা করা হচ্ছে। নগর পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার ১০ হাজার বাড়তি পুলিশের চাহিদাসংক্রান্ত চিঠি চূড়ান্ত করা হয়। গতকাল নগর পুলিশের সদর শাখা থেকে ওই চিঠি ঢাকায় পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়।সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী দরকার। এর মধ্যে ১০ হাজার পুলিশ, ১১ হাজার আনসার, পাঁচ হাজার এপিবিএন ও পাঁচ হাজার বিডিআর সদস্য মোতায়েনের চিন্তাভাবনা চলছে।ইতিমধ্যে নগর পুলিশ ১০ হাজার বাড়তি পুলিশ চেয়ে সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের দিন সুষ্ঠু ভোট নিতে আমাদের ১০ হাজারের বেশি পুলিশ সদস্য লাগবে। এ ছাড়া পাড়ার মাস্তান কিংবা বহিরাগত কোনো সন্ত্রাসী যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি করতে না পারে—সে জন্য আমরা এখন থেকেই ব্যবস্থা নিয়েছি।’জানা যায়, বর্তমানে নগর পুলিশে প্রায় চার হাজার সদস্য আছে। নির্বাচনের দিনের জন্য যে ১০ হাজার পুলিশ চাওয়া হয়েছে—তার মধ্য থেকে অন্তত ছয় প্লাটুন (প্রায় ১৫০) পুলিশ এ সপ্তাহে পাঠাতে চিঠিতে সুপারিশ করা হয়। নির্বাচনের আগে থেকে সম্ভাব্য গোলযোগ সৃষ্টিকারীদের আটক করতে এই পুলিশকে কাজে লাগানো হবে। পাড়ার মাস্তানদের তালিকা তৈরির নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মহিউদ্দীন মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচনের সময় এরাই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।’নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘গত সংসদ নির্বাচনে আমরা গলি-উপগলি ধরে গোলযোগ সৃষ্টি করতে পারে এমন ৫২৮ জন পাড়ার মাস্তানের তালিকা করেছিলাম। তালিকাভুক্তদের ওপর নজরদারি বাড়িয়ে আমরা ভালো ফল পেয়েছিলাম।’ তিনি বলেন, এবার কেন্দ্র ১০০টি বেড়েছে। এ কারণে পাড়ার মাস্তানের সংখ্যাও বাড়তে পারে।মাদক, অবৈধ মোটরসাইকেল আটকে অভিযান: নির্বাচনে নগদ টাকার ছড়াছড়ি বেড়ে যায়। এসব অর্থ মদ-গাঁজাসহ মাদকের আস্তানায় বেশি ব্যবহূত হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ কারণে পুলিশ মাদকবিক্রেতা ও মাদকসেবীদের আস্তানায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মোটরসাইকেল আরোহী মাস্তানদেরও আনাগোনা বাড়তে পারে। জানা গেছে, বিষয়গুলো মাথায় রেখে পুলিশ গত রোববার বিকেল থেকে নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটকে অভিযান শুরু করেছে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত নগরের ১৩টি নির্দিষ্ট জায়গায় মোট ৯৬৬টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে ১২৭টির বিরুদ্ধে মামলা এবং কোনো কাগজপত্র না থাকায় আরও ৩০টি আটক করে স্ব-স্ব থানা এলাকায় নিয়ে যাওয়া হয়।