যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রীদের সেবার জন্য নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। টার্মিনালটি ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ফি। কিন্তু তাতে মিলছে না যাত্রীসেবা; বরং বাড়ছে ভোগান্তি।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী যাত্রীদের সেবার মান বাড়াতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ছয়তলা ভিত্তির ওপর তৃতীয় তলা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৭৫ বর্গফুটের এই ভবন নির্মাণে ব্যয় হয় ৭ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৮২ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশন নির্ধারিত সময়ে কাজ শেষ করে ২০১৩ সালের নভেম্বর মাসে ভবনটি হস্তান্তর করে। কিন্তু উদ্বোধন করা হয় গত ২ জুন। এরপর টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। চারটি খাতে যাত্রী-সুবিধা ফি নির্ধারণ করা হয় ৩৮ টাকা ৭৬ পয়সা। এর মধ্যে প্রবেশ ফি ৯ টাকা ৯১ পয়সা, অপেক্ষা ফি ৯ টাকা ৯১ পয়সা, সার্ভিস চার্জ ৩ টাকা ৯৭ টাকা ও টার্মিনাল চার্জ ৯ টাকা ৯১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৫ টাকা ৬ পয়সা।
সূত্র জানায়, ভবনের নকশায় রয়েছে সামনে একই সময়ে পাঁচটি বড় বাস দাঁড়ানোর মতো খালি জায়গা। নিচতলায় খোলা বারান্দা, কাচ দিয়ে ঘেরা যাত্রীদের বিশ্রামকক্ষ, পর্যাপ্ত শৌচাগার, ব্যাংকের বুথ ও টোল আদায় কক্ষ। দ্বিতীয় তলায় রয়েছে যাত্রীদের জন্য রেস্তোরাঁ, শৌচাগারসহ বিশ্রামকক্ষ, হাত-মুখ ধোয়ার কক্ষ (ওয়াশ রুম) এবং তৃতীয় তলায় টার্মিনাল তদারকি কার্যালয়, বিশেষ অতিথিদের (ভিআইপি) জন্য পাঁচটি বিশ্রামকক্ষ, শৌচাগার ও খোলা প্রাঙ্গণ।
যাত্রীরা ভবনে ঢুকে প্রথমে বিশ্রামকক্ষে আসবেন। তাঁরা ভবনের একতলা ও দোতলায় অবস্থান করবেন এবং তাঁদের জন্য রাখা সুবিধা উপভোগ করবেন। এরপর তাঁরা টোল আদায় কক্ষে ফি এবং ব্যাংক বুথে ভ্রমণ কর প্রদান করে পাশের ভবনে অবস্থিত কাস্টমস ও বহির্গমন বিভাগে যাবেন।
গত ১০ আগস্ট সরেজমিনে দেখা যায়, টার্মিনালের সামনে খোলা জায়গায় রাখা হয়েছে অনেক মোটরসাইকেল ও ইজিবাইক। নিচতলার খোলা বারান্দায় দাঁড়িয়ে আছেন ভারতগামী কয়েকজন যাত্রী। যাত্রীরা আসছেন আর বিক্ষিপ্তভাবে দাঁড়াচ্ছেন। লাইন দিয়ে অনেকেই বিশ্রামকক্ষের কাচ কেটে তৈরি করা ছয়টি কাউন্টারে ফি জমা দিয়ে স্লিপ সংগ্রহ করছেন। এরপর তাঁরা নিরাপত্তাকর্মীদের স্লিপ দেখিয়ে বিশ্রামকক্ষে প্রবেশ করছেন। পুনরায় নিরাপত্তাকর্মীদের স্লিপ দেখিয়ে পাশের ভবনে প্রবেশ করছেন।
খুলনার মোংলার সোনালী হালদার বিশ্রামকক্ষে দাঁড়িয়ে বলেন, ‘স্লিপে লেখা আছে ৩৮ টাকা ৭৬ পয়সা। কিন্তু নেওয়া হলো ৪০ টাকা। বিশ্রামকক্ষের বাথরুম খুব নোংরা। টাকা বেশি দিলাম, কিন্তু কোনো সুবিধা পেলাম না।’ মাগুরার শালিখা উপজেলার আলোকদিয়া গ্রামের পলাশ বিশ্বাস বলেন, ‘টার্মিনালে কোনো সুবিধা নেই। আছে ভোগান্তি। ভবনের মধ্য দিয়ে হেঁটে যেতেই লাগল ৪০ টাকা আর দুবার তল্লাশি।’
ভবনে ঢুকে দেখে গেল, নিচতলার বিশ্রামকক্ষের মধ্যে রয়েছে ৭৫টি চেয়ার আর দুটি হুইলচেয়ার। চেয়ারগুলোর সবই প্রায় ফাঁকা। কয়েকজন নিরাপত্তাকর্মী চেয়ারে বসে আছেন। ১০ টাকার বিনিময়ে বহির্গমন বিভাগের ফরম পূরণ করে দেওয়ার জন্য কয়েকজন চেয়ারে বসে যাত্রীদের ডাকাডাকি করছেন। বিশ্রামকক্ষের দুই পাশে তৈরি করা হয়েছে পরিবহনের কয়েকটি টিকিট কাউন্টার। ভবনের দোতলা পুরো ফাঁকা পড়ে আছে। ভেতরে পড়েছে ধুলার আস্তরণ। তৃতীয় তলায় ভিআইপিদের জন্য নির্মিত পাঁচটি কক্ষে বসেন বন্দর পরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা। টার্মিনাল তদারকি কার্যালয়ের বিশাল কক্ষে বসেন কর্মচারীরা। তার এক পাশে বানানো হয়েছে নামাজের স্থান। টার্মিনালের নকশায় এর কোনোটিই নেই।
দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় পাওয়া গেল না বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. আবদুর রউফকে। কথা হলো উপপরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীসেবা শুরু হয়েছে। আস্তে আস্তে তা বাড়বে। ভ্রমণ কর দেওয়ার সোনালী ব্যাংকের বুথটি খুব শিগগির টার্মিনালে আনা হবে। নিচতলার বিশ্রামকক্ষে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। একটি টেলিভিশন দেওয়া হয়েছে। টেলিভিশনটিতে ডিশ সংযোগ দেওয়া হবে। যাত্রীদের বসার জন্য চেয়ার এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য দুটি হুইলচেয়ার রয়েছে। খাবারের জন্য ক্যানটিন চালুর চেষ্টা করা হচ্ছে। টয়লেট ও ফ্যানের সুযোগ তো আছেই। তবে লোকবল ও বরাদ্দের অভাবে টয়লেটগুলো সব সময় পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বিশ্রামকক্ষটিতে এসি লাগানোর প্রস্তাব করা হয়েছে। একটি জেনারেটরও দেওয়া হচ্ছে।
মো. আবদুর রউফ বলেন, বন্দর পরিচালনার জন্য একটি কার্যালয় দরকার। কিছুটা দূরে বন্দরের প্রশাসনিক কার্যালয় ছিল। কিন্তু ভবনটি বেশ পুরোনো। এ কারণে বর্তমানে এখানে কার্যালয় করা হয়েছে। এতে কাছে থেকে বন্দর পরিচালনা করতে অনেক সুবিধা হচ্ছে। তিনি আরও বলেন, নকশায় না থাকলেও শুধু যাত্রীদের সুবিধার জন্য বিশ্রামকক্ষের কাচ কেটে কাউন্টার করা হয়েছে। খুচরার কারণে ফি৩৮ টাকা ৭৬ পয়সার জায়গায় ৪০ টাকা নেওয়া হচ্ছে। সব টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।