বাড়তি ফি ৭ দিনের মধ্যে ফেরত দিতে বলেছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি ফি সাত দিনের মধ্যে ফেরত দিতে বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ ছাড়া রসিদ ছাড়া কোনো ধরনের ফি আদায় না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরের বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৩১টি বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা প্রশাসন বলেছে, শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা যাবে না।
কোনো বিদ্যালয় সিদ্ধান্ত না মানলে এমপিও বাতিল ও ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়াসহ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বৈঠকে ফরম পূরণে বাড়তি ফি নিচ্ছে এ রকম কয়েকটি বিদ্যালয়ের নাম বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বৈঠকে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ থেকে আট হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের জিম্মি করা হচ্ছে। আর অনেক বিদ্যালয় রসিদ ছাড়াই বাড়তি অর্থ আদায় করছে। রসিদ ছাড়া অর্থ আদায় ঘুষের চেয়েও খারাপ। শিক্ষকদের কাছ থেকে এ ধরনের অনৈতিক কাজ আশা করা যায় না। ব্যবস্থাপনা কমিটির দোহাই দিয়ে কোনো লাভ নেই।
বৈঠকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ বলেন, যেসব বিদ্যালয় বোর্ড নির্ধারিত ফির বাইরে বাড়তি অর্থ নিচ্ছে, তাদের চিহ্নিত করা হবে। এসব বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।