বাড়তি বইয়ের ভারে শিক্ষার্থীদের বারোটা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীদের অতিরিক্ত বই পড়তে বাধ্য করা হচ্ছে। বই পাঠ্য করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হচ্ছে কমিশন। স্থানীয় ব্যবসায়ীরা কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে এ কমিশন দিয়ে বিভিন্ন প্রকাশনীর ভুলে ভরা বইও চালিয়ে দিচ্ছে।
এদিকে অতিরিক্ত টাকা দিয়ে বই কিনতে গিয়ে অভিভাবকেরা বিপাকে পড়ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ছে। এ অবস্থায় অভিভাবকেরা কিন্ডারগার্টেনগুলো পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, এ উপজেলায় ৪০টি কিন্ডারগার্টেন আছে। এগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বেশির ভাগই ভাড়া করা বাড়িতে গড়ে তোলা হয়েছে। এগুলোতে খেলার মাঠ ও বিনোদনের সুবিধা নেই। শিক্ষক নিয়োগেও কোনো নিয়মনীতি নেই। অথচ এখানে শিক্ষার্থীদের মাসিক বেতন অনেক বেশি। সরকারি বইয়ের পাশাপাশি তাঁদের দেওয়া তালিকা অনুযায়ী অতিরিক্ত বই কিনতে হয়। উপজেলা সদরেই গড়ে উঠেছে সাতটি কিন্ডারগার্টেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩২টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এসব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যেও বিনা মূল্যে সরকারি বই বিতরণ করা হয়।
কয়েকজন অভিভাবক জানান, সরকারি পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণীতে বাংলা, ইংরেজি ও গণিত বই রয়েছে। অথচ কিন্ডারগার্টেনগুলোতে এ শ্রেণীতে অতিরিক্ত পাঁচটি বই পড়ানো হচ্ছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি তিনটি বইয়ের সঙ্গে ঢাকার মা প্রকাশনীর ছোটদের পরিবেশ পরিচিতি, শরীফ প্রকাশনীর ছোটদের ভাষা শেখা, আবির্ভাব প্রকাশনীর পিকচার ওয়ার্ড বুক, রাফিজ প্রকাশনীর ছোটদের সাধারণ জ্ঞান ও আবির্ভাব প্রকাশনীর ছবি আঁকা নামের বইগুলো পড়তে হয়। এ পাঁচটি বইয়ের দাম ৫৬০ টাকা।
এ ছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি বইয়ের সঙ্গে অতিরিক্ত আটটি বই পাঠ্য করা হয়েছে। এর মূল্য ৫৫০-৭০০ টাকা পর্যন্ত। আবার এসব বইয়ে ভুলও রয়েছে। বিদ্যাধারা প্রকাশনীর প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান বইয়ের ১১-এর পাতায় এভারেস্টজয়ী ‘মুসা ইব্রাহীমের’ নাম লেখা হয়েছে ‘মুছা ইব্রাহিম’। একই পাতায় সিটি করপোরেশনের সংখ্যা লেখা হয়েছে ‘ছয়টি’। স্থানীয় বই ব্যবসায়ীদের সঙ্গে স্কুলমালিকদের মৌখিক চুক্তির কারণে তাঁরা ইচ্ছেমতো বইয়ের দাম নির্ধারণ করেন বলে জানা যায়। চুক্তিবদ্ধ বইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকানে ওই স্কুলের বই পাওয়া যায় না। ব্যবসায়ীরা অতিরিক্ত বই পাঠ্য করার জন্য ছাত্র অনুপাতে কিন্ডারগার্টেনগুলো নির্ধারিত কমিশন দিয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানান, প্রকাশনী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১০-১২ ভাগ কমিশনে বই এনে ব্যবসায়ীরা ৫০-৬০ ভাগ কমিশনে বিক্রি করেন। ব্যবসায়ীরা কিন্ডারগার্টেনগুলোকে শিক্ষার্থী অনুপাতে ৩০-৫০ হাজার টাকা দিয়ে থাকে।
ধানগড়া বাজারের সিনথিয়া লাইব্রেরির মালিক শামীম আকতার বেশি লাভে বই বিক্রি এবং কিন্ডারগার্টেনগুলোকে অনুদান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তাঁরা সামান্য লাভে বই বিক্রি করেন।
আবু তাহের নামের এক অভিভাবক বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ালেখার ভালো পরিবেশ নেই। এ জন্য ছেলেকে কিন্ডারগার্টেনগুলোতে ভর্তি করিয়ে এখন দেখছি শুধু বইয়ের চাপ।’
উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি এম কামরুজ্জামান জানান, কিন্ডারগার্টেনগুলোতে পড়ার চাপ একটু বেশি। তা ছাড়া বই পাঠ্য করার সময় অভিভাবকদের পরামর্শ নেওয়া হয়। তিনি বই ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় কিন্ডারগার্টেনগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। সরকারি নির্দেশমতো শুধু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই দেওয়া হয় এবং সমাপনী পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হয়।