বাড়তি বগি লাগানো হচ্ছে আন্তনগর ট্রেন মহানগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের আন্তনগর ট্রেন ‘মহানগর’-এ কাল শনিবার থেকে বাড়তি ছয়টি করে বগি লাগানো হবে। ফলে এ ট্রেনে দিনে কমপক্ষে আরও ৭০০ জন যাত্রী যাতায়াতের সুবিধা পাবে। রেল সূত্র জানায়, বাড়তি বগি সংযোজনের ফলে এ ট্রেনের মোট বগিসংখ্যা দাঁড়াবে ১৪টিতে। সকালে এটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মহানগর প্রভাতী নামে। মহানগর গোধূলি নামে বিকেলে ট্রেনটি চট্টগ্রামে ফিরে আসে। এ দুই গন্তব্যের মধ্যবর্তী সাতটি স্টেশনে এ ট্রেনের যাত্রাবিরতি আছে।স্টেশনগুলো হলো ফেনী, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও বিমানবন্দর। এসব স্টেশনের যাত্রীরা মহানগর প্রভাতী ও মহানগর গোধূলি ট্রেনে চড়ে দ্রুততম সময়ে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতের সুবিধা পাচ্ছেন। ফলে এ ট্রেন দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু এ ট্রেনের বিশেষ ধরনের বগিগুলো (এয়ারব্রেক) একে একে বিনষ্ট হওয়ার কারণে যাত্রী পরিবহন ক্ষমতা প্রায় অর্ধেকে কমে আসে। রেলের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনডেনডেন্ট বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মহানগর প্রভাতী ও মহানগর গোধূলি ট্রেন আমরা আপাতত ১৪টি বগি দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে তা ১৬টি বগিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে ওই ট্রেন দুটিতে বর্তমানের তুলনায় দ্বিগুণ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।’দায়িত্বশীল একজন রেল কর্মকর্তা জানান, কাল শনিবার ঢাকা থেকে প্রথম ১৪টি বগি নিয়ে মহানগর গোধূলি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। এরপর সোমবার থেকে মহানগর প্রভাতী ও মহানগর গোধূলি ১৪টি বগি নিয়ে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রেলপথে নিয়মিত চলাচল করবে।