বাড়তি বাস দিয়ে যানজটের হ্যাপা সামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ঘনিয়ে এলেও যাত্রীর চাপ নেই রাজধানীর তিনটি বাস টার্মিনালে। পরিবহনশ্রমিকদের নিরন্তর হাঁকডাকেও ভরছে না বাস। ৮-১০টি সিট ফাঁকা রেখেই বাস যাচ্ছে গন্তব্যে।

তবে বড় প্রতিষ্ঠানের বাসের অধিকাংশ টিকিটই আগাম বিক্রি হয়েছে। যানজটের কারণে সময়সূচির বিপর্যয় ঠেকাতে এবার অতিরিক্ত বাসের ব্যবস্থা করে রেখেছেন মালিকেরা। গত ঈদের অভিজ্ঞতা থেকে তাঁরা এই ব্যবস্থা নিয়েছেন। গত বছর যানজটের কারণে দেরিতে গাড়ি ফেরায় শত শত যাত্রীকে কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে। এবার মালিকেরা ট্রিপ কমিয়ে অতিরিক্ত বাস হাতে রেখেছেন, যাতে বাস ফিরে আসতে দেরি হলেও এই বাস দিয়ে সময়মতো যাত্রী পরিবহন করা যায়।

গতকাল মঙ্গলবার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এবং কল্যাণপুর ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের ঈদে ছুটির দিন কম হওয়ায় যাত্রীর চাপ কম। তবে আজ ও আগামীকাল যাত্রীর চাপ বাড়বে বলে তাঁরা জানিয়েছেন। সেভাবেই অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। 

দুপুরে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কাউন্টারের সামনেই যাত্রী নেই। টার্মিনালের বিশ্রামাগারে শুয়ে-বসে টেলিভিশন দেখছেন পরিবহন ও টার্মিনালকেন্দ্রিক শ্রমিকেরা। বাসের জন্য অপেক্ষা করছেন ৮-১০ জন। যাত্রীদের একজন রুবায়েত ইসলাম বলেন, ১১টার দিকে কাউন্টারে এসে খুলনা যাওয়ার টিকিট করেছেন। একটায় বাস ছাড়ার কথা। বাসের জন্য অপেক্ষা করছেন।

যাত্রীদের চাপ ও টিকিটের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সুরভী পরিবহনের কাউন্টারের প্রতিনিধি নুরুল হুদা বলেন, এই কাউন্টার থেকে বরিশাল, মঠবাড়িয়া, পাথরঘাটা, কুয়াকাটা ও বরগুনার টিকিট পাওয়া যায়। স্বাভাবিক অবস্থায় দিনে ৮-১০টি বাস গাবতলী ছেড়ে যায়। ঈদ উপলক্ষে বাস বাড়িয়ে ১৫টি করা হয়েছিল। কিন্তু যাত্রীর অভাবে ১৫টি ট্রিপ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, বেলা পৌনে দুইটার দিকে একটি বাস ছিল। কিন্তু টিকিট বিক্রি হয়েছিল মাত্র দুটি। পরে ওই ট্রিপ বাতিল করা হয়েছে।

টার্মিনালে কথা হয় সোহাগ পরিবহনের প্রতিনিধি মো. ইসরাফিলের সঙ্গে। তিনি বলেন, ১৮ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গত রাত থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। গতকাল দিনের বাসের টিকিট ছিল। যাত্রীরা কাউন্টারে এসে টিকিট পেয়েছেন। যাত্রীর তেমন চাপ নেই। অগ্রিম টিকিটের ক্রেতারা নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন কি না জানতে চাইলে ইসরাফিল বলেন, যানজটের কারণে নির্ধারিত বাস সময়মতো টার্মিনালে পৌঁছতে না পারলেও যাত্রীরা নির্ধারিত সময়েই বাস পাচ্ছেন। কারণ, সমস্যার কথা মাথায় রেখে অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

গাবতলী থেকে কল্যাণপুরে গিয়ে দেখা গেছে, প্রায় সব কাউন্টারই ফাঁকা। সেখানকার একাধিক কাউন্টারে কথা বলে জানা গেছে, কল্যাণপুর এলাকা থেকে অধিকাংশ বাসই ছাড়ে সকালে ও রাতে। তাঁরা জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদের দিন, ঈদের আগের ও পরের দিন যাত্রীর চাপ বেশি। অন্যান্য রুটে আজ বুধবার ও আগামীকালের টিকিটের চাহিদা বেশি।

 সৌদিয়া পরিবহনের কর্মী ফারুক আহমেদ বলেন, গতকাল ভোর ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত তিনটি বাস ছেড়ে গেছে। কোনো বাসেই ১৮-২০ জনের বেশি যাত্রী ছিল না। যাত্রী কম থাকলেও শিডিউল অনুযায়ী বাস ছেড়েছে। যাত্রী চাপ বেশি থাকলেও শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, এ সমস্যা যাতে না হয়, সে জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়েও যাত্রী উপস্থিতি কম দেখা গেছে। পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশা অনুযায়ী যাত্রী না পেয়ে তাঁদের হতাশার কথা জানিয়েছেন।

সায়েদাবাদ থেকে কুমিল্লার মুরাদনগর ও নোয়াখালীর চৌমুহনীগামী ইলিয়টগঞ্জ পরিবহনের প্রতিনিধি মো. আলম বলেন, এমনিতেই যাত্রী কম, তারপর দীর্ঘ যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। তাই প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, মুরাদনগর থেকে সায়েদাবাদ আসতে আড়াই ঘণ্টার লাগার কথা। কিন্তু গতকাল লেগেছে প্রায় সাত ঘণ্টা।

সন্ধ্যায় মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়েও একই চিত্র দেখা গেছে। তবে এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে বেশ ভিড় দেখা গেছে। এনা ট্রান্সপোর্টের (সিলেট বিভাগের চার জেলাগামী বাসের কাউন্টার) প্রতিনিধি অর্জুন মজুমদার বলেন, গতকাল সকাল থেকে ১০টি বাস ছেড়ে গেছে। যাত্রীদের তেমন চাপ ছিল না। কাউন্টারে এসে যাত্রীরা টিকিট পেয়েছেন। তবে আজ বুধবার ও আগামীকালের ৯৫ শতাংশ টিকিটই আগাম বিক্রি হয়ে গেছে।  বাস সময়মতো ছাড়ছে কি না জানতে চাইলে অর্জুন বলেন, গতকাল বিকেল পৌনে পাঁচটায় যে বাসটি মহাখালী থেকে ছাড়ার কথা ছিল, সেই বাস বিকেল চারটায় গাজীপুরের ঘোড়াঘাট এলাকায় যানজটে আটকে ছিল। পরে অতিরিক্ত রাখা আরেকটি বাসে পৌনে পাঁচটার যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। যানজটে আটকে থাকা বাসটি রাত আটটা পর্যন্ত মহাখালী পৌঁছায়নি।