পরিবহন খাতে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে উচ্চক্ষমতাসম্পন্ন ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন সিটিজেনস রাইটস মুভমেন্ট। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ‘নাগরিক সমাবেশে’ সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।সমাবেশ থেকে গণপরিবহনকে সিএনজির বর্ধিত মূল্যের বাইরে রাখা এবং ব্যক্তিগত গাড়িতে সিএনজি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাস ও অটোরিকশায় বাড়তি ভাড়া আদায় রোধে ব্যর্থ হওয়ায় যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।সিটিজেনস রাইটস মুভমেন্ট আরও যেসব দাবি জানিয়েছে সেগুলো হচ্ছে: সারা বছর যানবাহনের ভাড়া পর্যবেক্ষণের জন্য একটি ‘ভ্রাম্যমাণ আদালত কমিশন গঠন, রাজধানীর নূর হোসেন স্কয়ারকে (জিরো পয়েন্ট) কেন্দ্র ধরে সব প্রধান সড়কে সহজে দৃশ্যমান দূরত্ব ফলক স্থাপন, সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সংস্কারের মাধ্যমে জনবান্ধব করা ইত্যাদি। নাগরিক সমাবেশে মূল বক্তব্য তুলে ধরেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান। বক্তব্য দেন মুহাম্মদ ইনামুল হক, রুহিন হোসেন, শুভ কিবরিয়া, আমিনুর রসুল, জসিম কাতাবী, ইবনুল সাঈদ রানা, আইয়ুব হারুন বাচ্চু, পরিবেশসম্মত ও বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের পুরান ঢাকা অঞ্চলের আঞ্চলিক সদস্য।এদিকে বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতি ফার্মগেটে তাদের কার্যালয়ে এক জরুরি সভা থেকে পরিবহনে সরকারের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, সব ধরনের বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করায় যাত্রীদের পাঁচ থেকে সাত গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।সংগঠনের সহসভাপতি খাইরুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এম এ হাশেম, মোজাম্মেল হক চৌধুরী, তপন কুমার নাথ, মনিরুল হক, আনোয়ার হোসেন প্রমুখ।