বাড়তি বিল আদায়ের প্রতিবাদে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সেচপাম্প ও চালকলের গ্রাহকদের কাছ থেকে অবৈধ বিল ও জরিমানা এবং অন্যান্য গ্রাহকদের কাছ থেকে ট্রান্সফরমার মেরামতের নামে অর্থ আদায়ের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করা হয়। গতকাল রোববার বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্রাহকেরা কার্যালয়টি ঘেরাও করে রাখেন।

ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার প্রায় এক হাজার ৩০০ সাধারণ ও ৮০০ সেচপাম্পসহ ২০০ চালকলের গ্রাহক রয়েছেন। গত জুন থেকে সেচপাম্প ও চালকলের গ্রাহকদের কাছ থেকে মূল বিলের সঙ্গে সমন্বয় বিল ও অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে। গতকাল রোববার ছিল এসব পাম্প ও মিলের মালিকদের বিল পরিশোধের শেষ সময়। তাঁরা সকাল ১০টার দিকে কার্যালয়ে এসে সমন্বয় বিল ও জরিমানার বিষয়টি জানতে চান। তখন সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সামছুল হক জরুরি কাজ থাকায় তাঁদের কোনো জবাব না দিয়েই কার্যালয় ত্যাগ করেন। অন্য কর্মকর্তারাও গ্রাহকদের সঠিক কোনো জবাব দিতে পারেননি। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রাহকেরা বেলা ১১টা থেকে চার ঘণ্টা কার্যালয় ঘেরাও করে রাখেন।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজীপুর উপজেলার সোমামুখী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আনিছুর রহমান সেচপাম্পে ৩৩০ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। এর সঙ্গে আরও ৫০ ইউনিট সমন্বয় করা হয়েছে। বিল করা হয়েছে মোট ৩৮০ ইউনিটের। এর মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৪ টাকা। এর ওপর জরিমানা করা হয়েছে আরও এক হাজার টাকা।

ধুনটের মথুরাপুর ইউপির অলোওয়া গ্রামের সেচপাম্পের মালিক মেহের বক্সের বিদ্যুৎ ব্যয় ছিল ৮০ ইউনিট। এর সঙ্গে ৫০ ইউনিট সমন্বয় করে মোট ১৩০ ইউনিটের বিল ধরা হয়েছে ৪২০ টাকা। আনিছুর রহমান বা মেহের বক্সের মতো প্রায় এক হাজার গ্রাহকের একই ধরনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের এজিএম সামছুল হক বলেন, ‘গ্রাহকেরা আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। কিন্তু তখন জরুরি কাজে আমাকে বাইরে যেতে হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে, তা সমিতির তহবিলে জমা রাখা হবে।’ তবে তিনি ট্রান্সফরমার মেরামতের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।