পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের আন্ধারমানিক নদীর বালিয়াতলী খেয়া পারাপারে যাত্রীসাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ইটবাড়িয়া গ্রামের একটি ইটভাটা থেকে যাত্রীরা আন্ধারমানিক নদীর ইটবাড়িয়া-বালিয়াতলী খেয়া পার হচ্ছেন। আগে ইটবাড়িয়া পন্টুন থেকে সোজা বালিয়াতলীর খেয়া পার হওয়া যেত। কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের ইটবাড়িয়া এলাকার জলকপাটটি (স্লুইসগেট) সড়কের কিছু অংশসহ দেবে যাওয়ায় এ-পথে এখন ইটবাড়িয়া খেয়াঘাটের পন্টুন পর্যন্ত যাওয়া যায় না। এ কারণে জনসাধারণকে দেবে যাওয়া জলকপাটের পশ্চিম পাশের একটি ইটভাটা থেকে খেয়ায় উঠে নদী পার হতে হয়। ইজারাদার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘাটে খেয়া পার হতে আগে জনপ্রতি ভাড়া ছিল দুই টাকা। আর মোটরসাইকেল ও রিকশা-ভ্যানের ভাড়া ছিল ১০ টাকা করে। এখন ভাড়া হচ্ছে জনপ্রতি ১০ টাকা। আর মোটরসাইকেল ৫০ টাকা এবং রিকশা-ভ্যান ৪০ টাকা। কলেজছাত্রী শাবনুর বেগম বলেন, ‘আমাকে এই খেয়া পার হয়েই প্রতি দিন কলেজে যাইতে হয়। সময়মতো খেয়া না পাওয়ায় এক সপ্তাহ যাবৎ ঠিকমতো ক্লাসে উপস্থিত হইতে পারি না। তা ছাড়া দুই টাকার ভাড়া গুনতে হয় এখন ১০ টাকা।’বালিয়াতলীর বাসিন্দা মো. নুরুল কবীর বলেন, ‘আমরা গেল নয় দিন ধইর্যা চরম কষ্ট করতেছি। খেয়া পার হইতে যেমন কষ্ট হইতেছে, অন্যদিকে দূরে খেয়া ভিড়ানোর অজুহাত তুলে আমাদের কাছ থেকে অতিরিক্তি ভাড়া আদায় করা হইতেছে।’ খেয়াঘাটের ইজারাদার মো. ইসমাইল গাজী বলেন, ‘আমাগো প্রায় সোয়া কিলোমিটার দূরে এখন খেয়া ভিড়াইতে হইতেছে। এর জন্য নয়জন মানুষ অতিরিক্ত খাটাইতে হইতেছে। যার ফলে একটু বেশি ভাড়া না নিলে পোষাইতে পারি না।’ কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে দেবে যাওয়া স্লুইসগেটসহ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ দ্রুত শেষ করে জনসাধারণের জন্য এ সড়ক চালু করার ব্যাপারে খোঁজ নেওয়া হবে। আর খেয়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গত ৬ জুলাই প্রবল জোয়ারের চাপে কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের ইটবাড়িয়া এলাকার জলকপাটটি সড়কের কিছু অংশসহ দেবে যায়।