বাড়তি ৯০ লাখ টন ধান উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরামর্শ অনুসরণ করে চাষ করা সম্ভব হলে দেশে প্রতিবছর বাড়তি ৯০ লাখ টন ধান উৎপাদন সম্ভব। দেশের ২৫ জেলার ৭৫টি উপজেলায় ধান উৎপাদনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। গত পাঁচ দিনব্যাপী ব্রির বার্ষিক গবেষণা পর্যালোচনার সমাপনী দিনে এ তথ্য উত্থাপন করা হয়েছে।ধানের ফলন পার্থক্য কমানোবিষয়ক একটি প্রকল্পের আওতায় এ সমীক্ষা চালানো হয়। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রির সুপারিশের মধ্যে উন্নত ও মানসম্পন্ন বীজ ব্যবহার, অনাবাদি জমি আবাদের আওতায় আনা, সঠিক সময়ে পরিমিত মাত্রায় সার ও সেচ প্রয়োগ, চারা রোপণ, আগাছা দমন এবং যথাযথ ফলনোত্তর প্রযুক্তি অনুসরণের কথা বলা হয়। গাজীপুরে ব্রি মিলনায়তনে পাঁচ দিনের এ কর্মশালা ও সমাপনী অধিবেশনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রির মহাপরিচালক মো. সাইদুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) মো. শমসের আলী। আরও বক্তব্য দেন ব্রির পরিচালক (প্রশাসন) জীবন কৃষ্ণ বিশ্বাস।মো. সাইদুল ইসলাম বলেন, ব্রির বিজ্ঞানীদের প্রচেষ্টায় দেশ থেকে দুর্ভিক্ষ দূর হয়েছে। গত চার দশকে দেশে জনসংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হলেও মূলত ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতসহ উন্নত চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে ধান উৎপাদন সাড়ে তিনগুণ বেড়েছে। আর এর ফলে সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূল পরিস্থিতি বিরাজ করা সত্ত্বেও দেশে খাদ্যাভাবজনিত কোনো মানবিক বিপর্যয় দেখা দেয়নি। অনুষ্ঠানে জানানো হয়, বৈরী পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী আরও ধানের জাত উদ্ভাবনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ধানের গুণাগুণ বৃদ্ধির জন্য তাঁরা ভিটামিন এ এবং আয়রনসমৃদ্ধ ধান উদ্ভাবনের গবেষণা করছেন। ব্রির উদ্ভাবিত সরু ও সুগন্ধযুক্ত বোরো ধানের জাত ব্রি ধান ৫০ বা বাংলামতী রপ্তানি সম্ভাবনাময়। বর্তমানে দেশের ৮০ ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের জাতের চাষাবাদ হয়।