বাড়তে পারছে না চন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত চন্দনদ্বীপের চন্দনগাছটির আকাশ ছোঁয়ার অধিকার যেন রোধ করে রেখেছে বিশাল এই ইউনিপোলটি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত চন্দনদ্বীপের চন্দনগাছটির আকাশ ছোঁয়ার অধিকার যেন রোধ করে রেখেছে বিশাল এই ইউনিপোলটি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

খুলনা শহরের শিববাড়ি মোড়ের সড়কদ্বীপটির নাম ‘চন্দন দ্বীপ’। কারণ এখানে রয়েছে খুলনা অঞ্চলের একমাত্র চন্দনগাছ। গাছটির পাঁচ ফুট দূরেই খুলনা সিটি করপোরেশনের একটি বিশাল ইউনিপোল (লোহার খুঁটির মাথায় লাগানো বিলবোর্ড)। ওই পোলের কারণে গাছটির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর তখনকার খুলনার পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল এই গাছটি লাগান। সরেজমিনে দেখা গেছে, সড়কদ্বীপে লাগানো গাছটির শীর্ষ অংশ বিলবোর্ডের লোহার কাঠামোর মধ্যে ঢুকে গেছে। এর বেশ কিছু ডাল বিভিন্ন সময়ে কেটেও ফেলা হয়েছে।
শহরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির জ্যেষ্ঠ সহসভাপতি কবি বিষ্ণুপদ সিংহ বলেন, আনোয়ারুল ইকবাল কর্ণাটক থেকে এনে চন্দনগাছটি লাগিয়েছিলেন। গাছটি সুন্দরভাবে বাড়তে পারত। কিন্তু বিলবোর্ডের কারণে তা হচ্ছে না। ডালপালাও বিভিন্ন সময়ে লোকজন কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু তা দেখার কেউ নেই।
জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘নগরের ইউনিপোল, ব্যানার-বিলবোর্ড ধীরে ধীরে সরানো হচ্ছে। গাছটি এখনো দেখিনি। গাছটির ব্যাপারে ভেবে দেখা হবে।’