সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিছাখালী এলাকার মনাই নদে নির্মিত মিছাখালী রাবার বাঁধ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। এই বাঁধ নির্মিত হওয়ায় উপজেলার ১৭ হাজার ২৯০ একর জমিতে বোরো চাষ করা সম্ভব হবে এবং প্রতিবছর ৭০ থেকে ৮০ কোটি টাকার ফসল অকালবন্যার হাত থেকে রক্ষা পাবে।
গতকাল বেলা দুইটায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সাংসদ এম এ মান্নান এই বাঁধের উদ্বোধন করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন নাহার বেগম, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে খুবই আন্তরিক। ফসলের উৎপাদন বাড়াতে হাওর এলাকায় এ রকম আরও রাবার বাঁধ নির্মাণ করা হবে। এই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ৩৭ কোটি টাকা। কিন্তু এবারই এই বাঁধের কারণে ৭০ থেকে ৮০ কোটি টাকার ফসল অকালবন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। এই এলাকার মানুষ এই বাঁধের সুফল পাবেন।
সুনামগঞ্জে বিএডিসির নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ কুমার দেব বলেন, ২২০ মিটার দীর্ঘ এই বাঁধ নির্মিত হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলার দুটি হাওরে ১৭ হাজার ২৯০ একর জমিতে বোরো ধান চাষ করা সম্ভব হবে। এই বাঁধের সঙ্গে একই প্রকল্পে নদীতে একটি সেতু নির্মাণ করা হয়েছে। এ কারণে নদীর দুই পারের মানুষের যোগাযোগ সহজ হবে।