বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে জীবনযাত্রার ব্যয়
শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হলো। চলতি মার্চ মাস থেকেই গ্রাহকদের নতুন মূল্যহারে বিদ্যুতের বিল দিতে হবে। এর ফলে বিনিয়োগ আরও নিরুৎসাহিত হবে, বাড়বে মূল্যস্ফীতি। সব ধরনের গ্রাহককে বিদ্যুৎ খাতে বাড়তি ব্যয় করতে হবে।
সরকারের আয় কমে গেছে। রাজস্ব আদায় কম। তবে ব্যয় কমেনি। বেড়েছে ভর্তুকি ব্যয়। সরকার এখন বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কিছুটা কমাতে চাইছে। তবে এতে সরকারের ভর্তুকি কমলেও বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়।
এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গ্রাহকশ্রেণী-নির্বিশেষে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ। তবে কৃষিতে সেচের জন্য ব্যবহূত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।
সবচেয়ে গরিব গ্রাহক, যাঁরা প্রতি মাসে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করবেন, তাঁদের জন্য একটি নতুন ধাপ (স্লাব) তৈরি করে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে যেসব গ্রাহক ৫০ ইউনিটের বেশি ব্যবহার করবেন, তাঁরা এই ধাপের সুবিধা পাবেন না। অর্থাৎ ব্যবহার ৫১ ইউনিট হলেই সম্পূর্ণ বিদ্যুতের দাম বর্ধিত হারে দিতে হবে। কোনো কোনো বিতরণ কোম্পানির প্রস্তাব অনুযায়ী নানা ধরনের সার্ভিস চার্জ, বিলম্ব মাশুল প্রভৃতিও অপরিবর্তিত রয়েছে।
সর্বোপরি, দাম বাড়ানোর ক্ষেত্রে যত বেশি ব্যবহার, তত বেশি বিল— এ নীতির প্রতিফলন ঘটানো হয়েছে। এতে সম্পন্ন বা ধনী আবাসিক গ্রাহকের ওপর মূল্যবৃদ্ধির হার বেশি বর্তাবে। নতুন দাম অনুযায়ী যে গ্রাহক সর্বোচ্চ ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁর মাসিক বিল আগের চেয়ে বেশি হবে ১৫ টাকা। সর্বোচ্চ ১০০ ইউনিট ব্যবহারকারীর বিল বাড়বে মাসে ২২ টাকা। ১৫০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে ৩৬ টাকা। ২০০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে ৫০ টাকা।
এই ধারায় ২৫০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে মাসে ৬৮ টাকা। ৩০০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে ৮৬ টাকা আর ৩৫০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে ১১১ টাকা। ৪০০ ইউনিট ব্যবহারকারীর বাড়বে ১৩৫ টাকা। এইভাবে পর্যায়ক্রমে যিনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁর বিলও তত বেশি বাড়বে। যিনি এক হাজার ইউনিট ব্যবহার করবেন, তাঁর প্রতি মাসে আগের চেয়ে বিল বাড়বে ৪৬১ টাকা।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সবচেয়ে গরিব গ্রাহক ও কৃষিতে দাম না বাড়ানোর সিদ্ধান্ত সঠিক। বেশি ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে দাম বাড়ানোর বিষয়টিও প্রশংসনীয়। তবে সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগের পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের দাম বাড়ানোর যথার্থ সময় এটি নয়। কারণ, বিনিয়োগ পরিস্থিতি এমনিতেই ভালো নয়। তার ওপর বিদ্যুতের দাম বাড়ানো কিছুটা হলেও বাড়তি সমস্যা সৃষ্টি করতে পারে।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়ারও আশঙ্কা ছিল না। দাম বাড়ানোর একমাত্র কারণ সরকারের ভর্তুকি কমানোর নীতি। সেটা বিচ্ছিন্নভাবে একেক সময় একেক খাতে দাম বাড়িয়ে কমানোর চেষ্টা খুব কার্যকর হবে না। সরকারের উচিত আগামী বাজেটের আগে সামগ্রিক ভর্তুকি-নীতি পুনর্বিবেচনা করা।
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। আর জানুয়ারি মাসে এই হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতির হার আবারও বাড়বে।
বিদ্যুতের দাম বাড়ানো-সংক্রান্ত বিইআরসির আদেশে নতুন মূল্যহার ‘বিল মাস মার্চ ২০১৪’ থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। এতে প্রায় সব গ্রাহক বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, কোনো মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখের ব্যবহার হিসাব করে ওই মাসের বিদ্যুৎ বিল করা হয় না। যেমন মার্চ মাসের জন্য যে বিল গ্রাহককে দেওয়া হয়, তার মধ্যে ফেব্রুয়ারি মাসেরও কিছুদিনের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে। তাই ‘বিল মাস মার্চ’ থেকে নতুন মূল্যহার কার্যকর করা হলে প্রায় সব গ্রাহককেই ফেব্রুয়ারি মাসেরও কিছুদিনের বিল বর্ধিত হারে দিতে হবে।
এবার গড়ে দাম বাড়ানো হয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে পিডিবির গ্রাহকদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির গড় হার ৭ দশমিক ১৭ শতাংশ। ডিপিডিসির ৭ দশমিক ৬৯ শতাংশ। ডেসকোর ৭ দশমিক ৩৪ শতাংশ। পল্লী বিদ্যুতের ৫ দশমিক ৪১ এবং ওজোপাডিকোর ৭ দশমিক ১৪ শতাংশ।
বর্তমান সরকারের আমলে এই প্রথম বিদ্যুতের গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হলো। দাম বাড়ানোর আদেশ ঘোষণার সময় সংবাদ ব্রিফিংয়ে বিইআরসির চেয়ারম্যান এ আর খান বলেন, এবারের দাম বাড়ানোর ফলে বিতরণ কোম্পানিগুলো ‘না লাভ, না ক্ষতি’ (ব্রক ইভেন) পর্যায়ে পৌঁছাবে।
এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১ অক্টোবর পাইকারি পর্যায়ে ১৬ শতাংশ; ২০১০ সালের ১ মার্চ গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ; ২০১১ সালের ১ ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে ১১ ও গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ; ২০১১ সালের ১ আগস্ট পাইকারি পর্যায়ে ৬ দশমিক ৬৬ শতাংশ; ২০১১ সালের ১ ডিসেম্বর পাইকারি পর্যায়ে ১৬ দশমিক ৭৯ ও গ্রাহক পর্যায়ে ১৩ দশমিক ২৫ শতাংশ; ২০১২ সালের ১ ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৩৭ ও গ্রাহক পর্যায়ে ৭ দশমিক ০৯ শতাংশ এবং ২০১২ সালের ১ সেপ্টেম্বর পাইকারি পর্যায়ে ১৬ দশমিক ৯২ ও খুচরা পর্যায়ে ১৫ শতাংশ দাম বাড়ানো হয়।