বাড়ি, দোকান ও বাসে ডাকাতি
ফরিদপুরের নগরকান্দায় সাত দোকানে, চুয়াডাঙ্গার জীবননগরে ছয় বাড়িতে, হবিগঞ্জের বাহুবলে এক বাড়িতে ও মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসে ডাকাতি হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-চরভদ্রাসন-সদরপুর সড়কসংলগ্ন গজারিয়া বাজারের নৈশপ্রহরী শেখ শাহজাহান (৪৮) জানান, রাত দেড়টার দিকে ডাকাতেরা বাজারের তিন নৈশপ্রহরী ও তিনজন ব্যবসায়ীকে বেঁধে বিভিন্ন দোকানে ডাকাতি শুরু করে। তারা দোকানের আলমারি ও সিন্দুক থেকে নগদ টাকা, সোনা, রুপা, মুঠোফোন সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে বোমা ফাটিয়ে চলে যায়। ডাকাতি হওয়া দোকানগুলো হলো মা জুয়েলার্স, আকাশ জুয়েলার্স, মা কালী জুয়েলার্স, রায় জুয়েলার্স, মাস্টার ভ্যারাইটিজ স্টোর, নন্দী ফোনফ্যাক্স, শম্ভু ঘোষের মুদির দোকান ও একটি মনোহারি সামগ্রীর দোকান।গজারিয়া (মুন্সিগঞ্জ): চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউশিয়ায় পৌঁছালে যাত্রীবেশী পাঁচ ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন সেট ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় যাত্রীরা বাধা দিলে ডাকাতের দল কুপিয়ে পাঁচ যাত্রীকে আহত করে। যাত্রীরা খোকন (৪০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আলীপুর পাড়ায় গত সোমবার মধ্যরাতে রফিকুল শিকদারের বাড়িতে ঢুকে ১০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে। একইভাবে তারা রফিকুলের প্রতিবেশী আক্কাচ আলী শিকদার, জামাল শিকদার, মনির শিকদার, ঈমান শিকদার ও লিটন শিকদারের বাড়ি থেকে ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।বাহুবল (হবিগঞ্জ): বাহুবল উপজেলার রাউদগাঁও গ্রামের আবদুল মুকিত মিয়ার বাড়িতে গত সোমবার রাতে ডাকাতেরা হানা দেয়। তারা অর্থ, স্বর্ণালংকার, মুঠোফোন ফোনসেটসহ পাঁচ লাখ টাকার মালামাল নেয়। এ সময় ডাকাতেরা আবদুল মুকিতের ভাই আবদুস সালামকে কুপিয়ে আহত করে। নয় ডাকাত গ্রেপ্তারহাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া বাজারে দুটি স্বর্ণের দোকানে গত ৩০ জানুয়ারি ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।